Main Menu

খুলনাকে হারিয়ে ঢাকার প্রথম জয়

স্পোর্টস ডেস্ক: বিপিএলের পঞ্চম আসরে নিজেদের প্রথম ম্যাচে সিলেট সিক্সার্সের কাছে নয় উইকেটে হারলেও দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে ঢাকা ডায়নামাইটস।

রোববার দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটানসকে ৬৫ রানে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। এদিন এভিন লুইস ও ডেলপোর্টের তাণ্ডবে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২০২ রানের পাহাড় গড়ে ঢাকা। লক্ষ্য তাড়ায় ১৮.১ ওভারে ১৩৭ রানেই শেষ হয়ে যায় খুলনা টাইটানসের ইনিংস।

লক্ষ্য তাড়ায় কেবল ওয়ালটনের ৩০, মাহমুদুল্লাহর ২৩ ও আর্চারের ৩৬ ছাড়া কেউই বড় ইনিংস খেলতে পারেনি। ঢাকার হয়ে রনি তিন উইকেট ও সাকিব, খালেদ, নারাইন দুটি করে উইকেট শিকার করেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ব্যক্তিগত ২০ রান করে আউট হয়ে যায় ঢাকার সাঙ্গাকারা। দ্বিতীয় উইকেটে রীতিমত জড় তোলেন ঢাকার দুই বিদেশি এভিন লুইস এবং ক্যামেরন ডেলপোর্ট।

দুজন মিলে স্কোরবোর্ডে যোগ করেন ১১৬ রান। ৬৬ রান করে লুইস এবং ৬৪ করে আউট হন ডেলপোর্ট। ঢাকার পক্ষে এই দুজনই সর্বোচ্চ রানের দুই ইনিংস খেলেছেন।

খুলনার হয়ে বল হাতে ২টি করে উইকেট শিকার করেছেন আবু জায়েদ ও শফিউল ইসলাম। খালি হাতে ফেরেননি কার্লোস ব্র্যাথওয়েট, জোফরা আর্চার।

খুলনা টাইটান্স একাদশ:
চ্যাডউইক ওয়ালটন, রাইলি রোসো, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, জোফরা আর্চার, আরিফুল হক, আকিলা ধনঞ্জয়া, মোশাররফ হোসেন, আবু জায়েদ ও শফিউল ইসলাম।
ঢাকা ডায়নামাইটস একাদশ:
কুমার সাঙ্গাকারা (উইকেটরক্ষক), এভিন লুইস, সাকিব আল হাসান (অধিনায়ক), ক্যামেরন ডেলপোর্ট, কাইরন পোলার্ড, মোসাদ্দেক হোসেন, খালিদ আহমেদ, মোহাম্মদ শহীদ, আবু হায়দার, সুনীল নারাইন ও জহুরুল ইসলাম।

Share





Related News

Comments are Closed