Main Menu

যশোরে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনোয়ার হোসেন ইমনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার রাতে জেলা শহরের বেজপাড়ার গুড়গোল্লার মোড়ে ইমন গুলিবিদ্ধ হন। পরে তাঁকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতয়ালি থানার উপ-পরিদর্শক হাসানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি গুলির খোসা উদ্ধার করেছেন তিনি। কারা কী কারণে ইমনকে হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ইমন বেজপাড়ার গুড়গোল্লার মোড়ের আজিমাবাদ কলোনি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আনোয়ার হোসেন জানান, গুড়গোল্লার মোড়ের সালাম ফার্নিচারের সামনে বসে বন্ধুদের সঙ্গে লুডু খেলা দেখছিলেন ইমন। রাত ১১টার পরপরই দুই-তিনজন যুবক এসে ইমনের বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করেন। এ সময় তিনটি গুলির শব্দ পাওয়া যায়। হাসপাতালে আনা হলে রাত ১১টা ১৩ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

যশোর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল জানান, ইমন তার কমিটির সহ-সভাপতি ছিলেন।

Share





Related News

Comments are Closed