রাজনগরে তৃতীয়বার তলিয়ে গেল কৃষকের স্বপ্ন
রাজনগর সংবাদদাতা : গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে মনু ও ধলাই নদীর পানি বৃদ্ধি পেয়ে কারইয়া হাওরসহ ১০টিরও বেশি গ্রামের আমন চাষের মাঠ তলিয়ে গেছে। এতে ওই ইউনিয়নের সব আবাদি জমি তৃতীয় বারের মতো তলিয়ে গেল। তবে ওই ইউনিয়নের সব আবাদি জমি তলিয়ে গেলেও উপজেলা কৃষি অফিস বলছে মাত্র ১০০ হেক্টর জমির আমন তলিয়েছে।
কৃষি অফিস ও তলিয়ে যাওয়া এলাকা ঘুরে দেখা যায়- কামারচাক ইউনিয়নের ভোলানগর ও কালাইকোনা এলাকায় মনু নদীর বাঁধ ভেঙে পানি প্রবেশ করে। এছাড়াও ধলাই নদীর বাঁধ না থাকায় উপচে পড়া পানি করাইয়ার হাওর ও এর আশে পাশের গ্রামগুলোতে প্রবেশ করে। এতে কামারচাকের অধিকাংশ এলাকায় বন্যা দেখা দিয়েছে। তলিয়ে গেছে ওই ইউনিয়নের আমন ধানের মাঠ।
স্থানীয়রা জানান, ইসলামপুর, খাসপ্রেমনগর, প্রেমনগর, দস্তিদারেরচক, মিটিপুর, আদমপুর, কামারচাক, করাইয়া, হাটি করাইয়া, পঞ্চানন্দপুর, গোবিন্দপুর, দিছব্বরচক, তারাপাশা, কালাইকোনা ও করাইয়ার হাওরসহ বেশ কয়েকটি গ্রামের আমন ধান তলিয়ে গেছে। তলিয়ে গেছে ওইসহ এলাকার কাচা পাকা সড়ক। আকস্মিক বন্যায় ভেঙ্গে গেছে কৃষকের স্বপ্ন।
এদিকে জনপ্রতিনিধিরা ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০০ হেক্টর বললেও উপজেলা কৃষি বিভাগ বলছে ১০০ হেক্টর জমি পানির নিচে তলিয়েছে। সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা হচ্ছে না বলে জানান স্থানীয় কয়েকজন ইউপি সদস্য।
করাইয়া গ্রামের মো. এখলাছুর রহমানের পারিবারিক প্রায় ৭০ বিঘা জমি রয়েছে। বোরো ও আউশ বন্যায় তলিয়ে গেছে। আশাছিল এবার হয়তো কিছু ধান পবেন। কিন্তু আকস্মিক বন্যায় সেই আশাও ভেঙে গেল। তিনি বলেন, তিনটি ফসলে অনেক ব্যয় হয়েছে; কষ্ট হয়েছে যথেষ্ট। কিন্তু কপাল খারাপ। একটি ধানও পাব না বলে মনে হচ্ছে।
এদিকে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য নগদ ২ লাখ টাকা ও ১০ মেট্রিকটন চাল বরাদ্দ চাওয়া হয়েছে। এগুলো পাওয়া গেলেই ক্ষতিগ্রস্তদের মাঝে বন্টন করা হবে বলে জানিয়েছেন উপজেলা পিআইও (ভারপ্রাপ্ত) আজেদুর রহমান আজাদ।
উপজেলা কৃষি কর্মকর্তা শেখ আজিজুর রহমান বলেন, দুটি দিক দিয়ে পানি ঢুকছে। এতে ১০০ হেক্টর জমির আমন ধান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুজ্জামান পাভেল বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। পিআইও অফিস তা নিরুপন করছে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed