Main Menu

তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই পরোয়ানা জারি করেন।

পরোয়ানাভুক্ত অন্য আসামিরা হলেন, সাংবাদিক মাহাথীর ফারুকী খান ও কনক সরোয়ার খান। এ মামলার অন্য আসামি বেসরকারি টেলিভিশন একুশে টিভির (ইটিভি) সাবেক চেয়ারম্যান আবদুস সালাম কারাগারে আটক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস কুমার পাল জানান, আজ আদালতে মামলাটির অভিযোগপত্র আমলে নেওয়ার দিন ধার্য ছিল। বিচারক অভিযোগপত্রটি আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এর আগে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক এমদাদ হোসেন তারেক রহমানসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ১ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন এসআই বোরহান উদ্দিন।

Share





Related News

Comments are Closed