Main Menu

ছাত্রলীগকর্মী মিয়াদ হত্যা: ১৩ জনের বিরুদ্ধে মামলা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: অভ্যন্তরীণ কোন্দলের জেরে নিজ দলের কর্মীদের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী ওমর আহমদ মিয়াদ (২২) খুনের ঘটনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীকে প্রধান আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরো ৯জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিন-চারজনকে আসামী করা হয়েছে।
বুধবার রাতে নিহতের পিতা মো. আবুল মিয়া বাদী হয়ে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানায় মামলাটি (নং-৬, ১৮/১০/১৭) দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন।
মামলায় থানা হেফাজতে থাকা মূল হোতা তোফায়েল এবং তার ভাই ফখরুলকেও গ্রেফতার দেখিয়েছে পুলিশ। এছাড়া বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
মামলায় অন্য আসামীরা হচ্ছে- ছাত্রলীগ কর্মী সারোয়ার হোসেন চৌধুরী, জেলা ছাত্রলীগ নেতা জুবায়ের খান, জাকারিয়া মাহমুদ, রুহেল, ফাহিম শাহ, শওকত হাসান মানিক ও রাফউল করিম মাসুম।
উল্লেখ্য, সোমবার বিকেলে নগরীর টিলাগড় জামে মসজিদের পাশের গলিতে প্রতিপক্ষ গ্রুপের কর্মীদের ছুরিকাঘাতে নিহত হন ছাত্রলীগ নেতা ওমর আহমদ মিয়াদ (২২)। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপু গ্রুপের কর্মী। তার উপর হামলাকারীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী গ্রুপের কর্মী। হামলায় আহত হয়েছেন নাসির ও তারিক নামে আরও দুই ছাত্রলীগ কর্মী।
ঘটনার পরপরই সন্দেহভাজন হিসেবে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে মূলহোতা তোফায়েলের ভাই ফখরুলকে আটক করা হয়। আটক ফখরুল সিলেট সিটি কর্পোরেশনের লাইসেন্স শাখায় চাকরি করেন।
এদিকে বুধবার ভোরে ঢাকার শেরেবাংলা নগর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তোফায়েলকে আটক করে সিলেটে নিয়ে আসে পুলিশ।

Share





Related News

Comments are Closed