Main Menu

বাড়ি ফেরা হলো না তাদের

প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের কুয়েতের হাওয়ালি জেলার সালমিয়া শহরে একটি আবাসিক ভবনের তিন তলায় বসবাসরত মৌলভীবাজারের কমলগঞ্জের কান্দিগাঁও গ্রামের জুনাইদ আহমদের স্ত্রী রোকেয়া বেগম, তার দুই ছেলে ও দুই মেয়েসহ পাঁচজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। সোমবার রাত সাড়ে ১০টায় জুনাইদের গ্রামের বাড়ি কমলগঞ্জের কান্দিগাঁও এবং নিহত রোকেয়া বেগমের বাপের বাড়ি মৌলভীবাজারের গুজারাই গ্রামে খবর পৌছামাত্র শুরু হয় কান্নার রোল। ছেলের বউ ও নাতি-নাতনির একসাথে অকাল মৃত্যুর ঘটনায় বৃদ্ধ মা মরিয়ম বেগম (৭০), জুনাইদের বড় বোন মুসলিমা বেগম (৩৮), বড় মামা খিজির আহমদ খাঁন, পাশের বাড়ির বাসিন্দা আব্দুল আজিদসহ স্বজনরা অনেকটাই বাকরুদ্ধ হয়ে পড়েন। শোকাহত পরিবারটিকে শান্তনা দিতে ছুটে যান জনপ্রতিনিধিসহ এলাকার শত শত গ্রামবাসী। গৃহকর্তা জুনাইদ আহমদ বাসার বাইরে থাকায় বেঁচে যান। সোমবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় কুয়েত শহরের সালমিয়াত এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
মঙ্গলবার দুপুরে সরেজমিনে কান্দিগাঁও গ্রামে গেলে জুনাইদ আহমেদের মামা খিজির আহমদ জানান, তার ভাগ্নে জুনাইদ আহমদ স্ত্রী সন্তান নিয়ে দীর্ঘ ১৫ বছর ধরে কুয়েতে বসবাস করছেন। সর্বশেষ ২০১৬ সালের ডিসেম্বর মাসে জুনাইদ স্বপরিবারে দেশে এসে আবার ২ ফেব্রয়ারি কুয়েত ফিরে যান। চলতি বছরের ডিসেম্বর মাসে স্বপরিবারে বাংলাদেশ আসার কথা ছিল। কিন্তু আর জীবিত ফিরতে পারলেন না পরিবারের লোকজন। সোমবার বিকালে জুনাইদ আহমদ বাসার বাইরে থাকাকালে আকস্মিকভাবে এ ভবনের ৫ তলার একটি বাসায় এসির কমপ্রেসার বিষ্ফোরণ ঘটে ভবনে আগুন লেগে যায়। ভয়ে ৪ তলা থেকে নিচে নামতে গিয়ে ৩ তলার বাসিন্দা জুনাইদ আহমদের স্ত্রী রোকেয়া বেগম (৩২), মেয়ে জামিলা আহমদ (১৫), ছেলে ইমাদ আহমদ (১২), মেয়ে নাবিলা আহমদ (৯) ও ছেলে ফাহাদ আহমদ (৫) ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ভবনের ভিতরেই মারা যান।
নিহতের গ্রামের বাড়ি কমলগঞ্জের কান্দিগাঁও গ্রামে একমাত্র বৃদ্ধা মা মরিয়ম বিবি (৭০) ছাড়া আর কেউ নেই। ঘটনার খবর পেয়ে সোমবার রাতেই জুনাইদের বড় বোন মুসলিমা বেগম (৪৮) স্বামীর বাড়ি থেকে এসে মায়ের পাশের এসে অবস্থান করছেন। নিহত গৃহবধূ রোকেয়া বেগমের বাবার বাড়ী মৌলভীবাজার জেলা শহরের গোজারাই গ্রামে। সেখানেও শোকের মাতম চলছে। পরিবারে আত্মীয়স্বজনদের আহাজারিতে আকাশ ভারী হয়ে উঠে।
জুনাইদ আহমদ এর স্ত্রী রোকেয়ার বড় ভাই জাকারিয়া আহমেদ জানান, ২০০০ সালে জুনেদের সাথে তার ছোট বোন রোকেয়ার বিয়ে হয়েছিল। বিয়ের ৬ মাস পর তার বোনকে নিয়ে জুনাইদ কুয়েতে চলে যায়। তার ভাগিনা/ভাগিনি সবারই জন্ম হয়েছে কুয়েতে। আর জীবিত দেখার সুযোগ হলো না। তিনি জানান, কুয়েত থেকে লাশ দেশে আনার জন্য জুনাইদ আহমেদ চেষ্টা করছেন। কয়েক দিনের মধ্য দেশে লাশ আনা হতে পারে।
এদিকে কান্দিগাঁও গ্রামে শোকে কাতর জুনাইদের বৃদ্ধা মা ময়িরম বেগম বুক চাপরিয়ে কান্নাকাটি করছেন। তিনি বাকরুদ্ধ অবস্থায় বলেন, আমার নাতি/নাতনিরা ইদানিং প্রায়ই ফোন করে দেশে আসার কথা বলতো, কিন্তু তারা দেশে আসতে পারল না, এই শোক আমি কেমন করে সইবো? আর কথা বলতে পারলেন না, বাকরুদ্ধ হয়ে যান। ভাতিজা খালেদ মাসুদ (২০) জানান, দুর্ঘটনার ৩০ মিনিট আগেও তিনি ফোন করে বাড়ি ঘরের খোঁজখবর নেন।
জুনাইদ আহমদের মা বৃদ্ধা মরিয়ম বিবি জানান দুর্ঘটনার কয়েক ঘন্টা আগেও রোকেয়া বেগম শাশুরির সাথে মোবাইলে কথা বলেছেন। গত ফেব্রয়ারী মাসে রোকেয়া বেগম সন্তানাদি নিয়ে দেশে আসেন এবং গ্রামের অনেক মহিলাকে দাওয়াত দিয়ে খাওয়ান। আগুন লাগার আধাঘন্টা আগে কমলগঞ্জের কান্দিগাঁও তাদের পাশের বাড়ির দেবর পুত্র খালেদের সাথে কথা বলেন বলে জানান খালেদ।
এদিকে তাদের এই মর্মান্তিক মৃত্যু সংবাদ পেয়ে দেশের বাড়িতে অবস্থানরত জুনাইদের মা ও স্বজনরা বার বার কান্নায় ভেঙ্গে পড়ছেন।

Share





Related News

Comments are Closed