Main Menu

ফতুল্লায় নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, আটক ১

বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে নবম শ্রেণির ছাত্রীকে একটি বাড়িতে নিয়ে আটকে রেখে কয়েক দফা ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত ৮টার দিকে ফতুল্লার টাগারপাড় এলাকায় বখাটে মকবুল এ ঘটনা ঘটায়। এ সময় মকুলকে সহযোগিতা করার অপরাধে সাইফুল ইসলাম রাসেল (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তবে ধর্ষক মুকবুলকে এখনো গ্রেফতার করতে পারেনি। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন।

এ ঘটনায় নির্যাতনের শিকার স্কুল ছাত্রীর ভাই বাদী হয়ে ফতুল্লা থানায় বুধবার রাতেই মামলা করেছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, তার ছোট বোন স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। বুধবার বিকেলে তাদের খালাতো ভাই বাড়িতে বেড়াতে আসে। সেখান থেকে ফেরার পথে তাকে এগিয়ে দিতে যায় তার ছোট বোন। এগিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে ইসদাইর টাগারপাড় এলাকার সালাউদ্দিন মিয়ার বাড়ির সামনের রাস্তায় থেকে ওই এলাকার তাজুল ইসলাম বেপারির ছেলে মকবুল ও তার সহযোগীরা তাকে অপহরণ করে। মকবুলের সহযোগীরা হলো, রাসেল, গাফ্ফার, মুন্না ও আসিফসহ অজ্ঞাতনামা আরও দুই তিন জন। অপহরণকারীরা তার ছোট বোনকে রাস্তা থেকে তুলে নিয়ে রাসেলের বাড়ির ভাড়াটিয়া মকবুলের একটি রুমে আটকে রাখে। এ সময় মকবুলের সহযোগীরা বাইরে পাহারা দেয়। আর ঘরের ভেতর তার বোনকে কয়েক দফা ধর্ষণ করে বখাটে মকবুল। পরে আহত অবস্থায় ঘরের ভেতর ফেলে রেখে মকবুলসহ তার সহযোগীরা পালিয়ে যায়। এসময় নির্যাতনের শিকার স্কুল ছাত্রীর চিৎকার শুনে ওই বাড়ির এক ভাড়াটিয়া মহিলা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের তিন শ’ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় এবং নিযার্তনের শিকার স্কুল ছাত্রীর পরিবারের সদস্যদের খবর দেয়।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, নির্যাতনের শিকার স্কুল ছাত্রীকে মেডিক্যাল পরিক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে ওই স্কুল ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে রাস্তা থেকে ফুসলিয়ে নিয়ে গিয়ে একটি ঘরে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় সহযোগিতা করার অভিযোগে সাইফুল ইসলাম রাসেল নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষক মুকবুলকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে রাতেই স্কুল ছাত্রীর ভাই বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

Share





Related News

Comments are Closed