Main Menu

সিলেটের শাহী ঈদগাহে লাখো মুসল্লির ঈদের নামাজ আদায়

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের প্রাচীনতম শাহী ঈদগাহে লাখো মানুষ ঈদুল আযহার নামাজ আদায় করেছেন। সবুজে আচ্ছাদিত পরিবেশে শাহী ঈদগাহে ঈদের নামাজে জমায়েত মানুষের সারি পার্শ্ববর্তী কয়েকটি রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ে। সপ্তদশ শতাব্দীতে নির্মিত প্রাচীন ঐতিহ্যের নিদর্শন শাহী ঈদগাহে প্রতিবছরের ন্যায় এবারও ঈদের জামাতে সিলেটের বিভিন্নস্থান থেকে লাখো মানুষ জড়ো হন।
বরাবরের মতো এবারো সিলেটের সবচেয়ে বড়ো ঈদের জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহী ঈদগাহে। এখানে জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। জামাতে অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট ২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জাতীয় পার্টির হুইপ সেলিম উদ্দিন, জাতিসংঘে বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেনসহ সিলেটের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
নামাজে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল কালাম।
জামাতে খুতবা এবং দোয়ায় বাংলাদেশের শান্তি সমৃদ্ধির জন্য দোয়ার পাশাপাশি বিশ্ব শান্তির জন্য দোয়া করা হয় এবং ঘুরে ফিরে বারবার মায়ানমারে রহিঙ্গা নির্যাতনের প্রসঙ্গ আসে।
এছাড়া দরগাহ হযরত শাহজালাল (রহঃ) জামে মসজিদে ঈদুল আযহার জামাত সকাল ৮টায় ও হযরত শাহপরান (রহ.) মাজারের মসজিদ প্রাঙ্গণে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়।
কুদরত উল্লাহ জামে মসজিদে দুটি জামাত অনুস্টিত হয়। প্রথমটি সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়।
আঞ্জুমানে খেদমতে কুরআনের উদ্যোগে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয় সকাল পৌনে টায়। সিলেট কালেক্টরেট মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮ টায়। এছাড়াও সিলেট নগরীর বিভিন্ন স্থানে মসজিদ গুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
সালাত আদায়ের পরপরই সবাই যে যার সাধ্যমতো পশু কুরবানী করেন। প্রশাসনের পক্ষ থেকে স্থান নির্ধারণ করে দিলেও বেশিরভাগ লোকজনই তাদের বাসাবাড়ির সামন এবং রাস্তার পাশে কুরবানী করতে দেখা যায়।

 

Share





Related News

Comments are Closed