দিনাজপুরের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: তিন দিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে দিনাজপুরে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। পুনর্ভবা নদী ৮০ সেন্টিমিটার এবং আত্রাই নদী ৮৫ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানির তোড়ে ভেঙে গেছে দিনাজপুরের শহর রক্ষাবাঁধ।
পানির তোড়ে দিনাজপুর-পার্বতীপুর রেল রুটের বিভিন্ন পয়েন্ট ডুবে গেছে। এতে দুর্ঘটনা এড়াতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে দিনাজপুর-পার্বতীপুর রুটে কোনো ট্রেন চলাচল করতে দেখা যায়নি।
সারা দেশের সঙ্গে দিনাজপুরের রেল যোগাযোগ বন্ধ রয়েছে বলে জানান জেলা রেলওয়ে স্টেশন সুপার গোলাম মোস্তফা।
তিনি জানান, দিনাজপুর-মাহুতপাড়া তুত বাগানের কাছে শহর রক্ষা বাঁধ ভেঙে যায়। প্রথমে বিজিবি এবং পরে রংপুর ৬৬ ডিভিশন পদাতিক সেনাবাহিনীর একটি বিশেষ উদ্ধারকারী টিম বাঁধটি মেরামতের চেষ্টা করছে। ইতিমধ্যে ডুবে গেছে শহরের বেশকিছু এলাকা।
পানিবন্দি হয়ে পড়েছে জেলার ১৩টি উপজেলার কয়েক লাখ মানুষ। দেয়াল চাপা পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। দিনাজপুর-পাবর্তীপুর-পঞ্চগড় লাইনে রেল চলাচল বন্ধ হয়ে গেছে। ফুলবাড়ী-ঘোড়াঘাট মহাসড়ক ও দিনাজপুর-পাবর্তীপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
বড়পুকুরিয়া কয়লাখনি সড়ক তিন ফুট পানির নিচে রয়েছে। হিলি স্থলবন্দরে ব্যাহত হচ্ছে আমদানি-রপ্তানি কার্যক্রম। জলাবদ্ধতা আর অতিবর্ষণে সমগ্র জেলাজুড়ে অচলাবস্থা। এছাড়াও সদর উপজেলায় ভেঙে গেছে আত্রাই নদীর বাঁধ। জেলার ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জে তলিয়ে গেছে দিনাজপুর-ঢাকা মহাসড়ক।
পার্বতীপুর-পঞ্চগড় রেলপথের নয়নী ব্রিজ ও কিসমত রেলস্টেশনের মাঝামাঝি নয়নী ব্রিজ এলাকায় ৮০০ মিটার রেলপথের উপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হওয়ায় পার্বতীপুর-সান্তাহার রেলপথে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া কুড়িগ্রাম ও দিনাজপুরে ২৪টি উপজেলার প্রায় ৯ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
বন্যায় এ দুই জেলায় ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানান রেলওয়ে স্টেশন সুপার গোলাম মোস্তফা।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed