মেয়াদ শেষ হলেও বাসভবন ছাড়ছেন না শাবির ভিসি
শাবি প্রতিনিধি: মেয়াদ শেষ হয়েছে প্রায় ১৫ দিন আগে। তবুও অনৈতিক সুযোগ সুবিধা গ্রহণ করে উপাচার্যের বাসভবনে বহাল তবিয়তে রয়েছেন শাবির সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া।
এমন অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। তাছাড়া উপাচার্যের শেষ সময়ে ইচ্ছাকৃতভাবে শিক্ষকদের শিক্ষা ছুটির অনুমোদন না দেয়ার অভিযোগ তুলেছে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
শনিবার শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম ও সাধারণ সম্পাদক মো. মহিবুল আলম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব অভিযোগ তোলেন।
বিজ্ঞপ্তিতে অভিযোগ করে বলা হয় , গত ২৭ জুলাই (মঙ্গলবার) উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়ার মেয়াদ শেষ হয়। এরপর থেকে উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষকদের শিক্ষাছুটি, বিদেশ গমন এবং ছাত্র ছাত্রীদের সার্টিফিকেট প্রদানসহ যাবতীয় কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তাঁর (উপাচার্য) শেষ কর্মদিবসে এক শিক্ষক ছুটির অনুমোদন চাইলে তার সাথে দুর্ব্যবহার করেন । এসময় ওই শিক্ষককে উদ্দেশ্য করে তিনি বলেন, আমি চাইলে তোমাকে ছুটি দিতে পারি কিন্তু দিবনা। এর ফলে ভুক্তভোগী শিক্ষক শাহজাহান মিয়ার পিএইচডি কার্যক্রমে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।
তারা আরও অভিযোগ করেন, মেয়াদ শেষ হওয়ার পরেও সদ্য বিদায়ী উপাচার্য আমিনুল হক ভূইয়া অনৈতিক এবং অবৈধভাবে সপরিবারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাংলোতে অবস্থান করছেন। কিন্তু তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করায় সেখান থেকেও সুযোগ সুবিধা নিচ্ছেন। এ বিষয়ে শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং কোষাধ্যক্ষের সাথে যোগাযোগ করলেও তারা কোন সদুত্তর দিতে পারেননি।
এ নিয়ে শিক্ষকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে বলে উল্লেখ করে শিক্ষক নেতৃবৃন্দ এ ঘটনায় তীব্র নিন্দা জানান।
এ বিষয়ে রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বলেন, তিনি (উপাচার্য) সিন্ডিকেট থেকে (অবস্থানের জন্য) অনুমোদন নেননি। এরকম অবস্থানের নিয়ম বিশ্বাবিদ্যালয়ের আইনেও নেই। অতীতেও কোন উপাচার্য এরকম অবস্থান করেননি।
বিষয়টি জানতে সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভ’ইয়ার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া ২০১৩ সালের ২৮ জুলাই শাবির ৯ম উপাচার্য হিসেবে যোগ দেন। চলতি বছরের ২৭ জুলাই তাঁর মেয়াদ শেষ হয়।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed