Main Menu

শাবি ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি; সম্মেলন ১০ সেপ্টেম্বর

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্তমান সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থকে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শাবি শাখা ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রচার সম্পাদক সাইফ উদ্দিন বাবু জানান, কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং সংগঠনকে গতিশীল করার জন্যই সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। তিনি আরো জানান, সঞ্জীবনের অব্যাহতিতে শাবিপ্রবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সহ-সভাপতি রুহুল আমিনকে।

একই সাথে সভা থেকে শাবি ছাত্রলীগের কমিটির কার্যক্রমের ওপর স্থগিতাদেশ তুলে নিয়ে আগামী ১০ সেপ্টেম্বর শাখা ছাত্রলীগের সম্মেলন আয়োজনের নির্দেশ দেয়া হয়েছে। সম্মেলন সফলে নেতাকর্মীদের সকল ধরণের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এর আগে গত ৮ এপ্রিল শাবি ক্যাম্পাসে বেড়াতে আসা বহিরাগত এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পার্থ গ্রুপের নেতাকর্মীরা দুই সংবাদকর্মীর উপর হামলা চালায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১২ এপ্রিল শাবি ছাত্রলীগের কমিটি স্থগিত ঘোষণা করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ।

Share





Related News

Comments are Closed