Main Menu

সিলেটে শিল্পপতির স্ত্রীর রহস্যজনক মৃত্যু

বিশেষ সংবাদদাতা: সিলেটে এক শিল্পপতির স্ত্রীর রহস্যজনক মৃত্যু ঘটেছে। সাদাকাগজে স্বাক্ষর নিয়ে পুলিশ সুরতহাল রিপোর্ট লিখেছে। এ নিয়ে এলাকার জনমনে অসন্তোষ বিরাজ করছে। বুধবার দুপুরে নগরীর লন্ডনীরোডস্থ ১৭৯/৩, নং বাসায় এ ঘটনা ঘটে। মৃত রোজিনা আক্তার (৪০) ওই বাসার মালিক শিল্পপতি আলকাছ আলীর স্ত্রী ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম ফারুক আহমদের মেয়ে।
পুলিশসহ এলাকাবাসী জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আলকাছ আলী এসএমপি’র জালালাবাদ থানা পুলিশকে তার স্ত্রীর মৃত্যুর সংবাদ দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ডুপ্লেস বাসার দু’তলার একটি কক্ষের ফ্লোরে গলায় রশি বাঁধা অবস্থায় রোজিনার লাশ দেখতে পায়। এসময় কক্ষের দরজা খোলা ছিল। পুলিশের উপস্থিতি দেখে এলাকার লোকজন এসে বাসায় ভীড় জমান। কি কারনে বা কিভাবে গৃহবধূ রোজিনার মৃত্যু ঘটেছে তা কেউ বলতে পারছেন না।
তবে রোজিনার স্বামী আলকাছ আলীর মামা আব্দুল হামিদ ঘটনাটি আত্মহত্যা দাবি করে উপস্থিত সাংবাদিদের জানান, গৃহবধূ রোজিনা বেশ কিছুদিন ধরে মানসিক ও অনিদ্রা রোগে ভোগছিলেন। বুধবার দুপুরে পরিবারের লোকজনের অজান্তে গলায় রশি দিয়ে শিলিং ফ্যানের সাথে ঝুলে আত্ম হত্যা করেছেন। তিনি আরো জানান, মোবাইল ফোনে থানা পুলিশের অনুমতি নিয়ে তারা দরজা ভেঙ্গে লাশটি নামিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে সাদা কাগজে উপস্থিত কয়েকজনের স্বাক্ষর নিয়ে লাশ উঠানোর কাজ শুরু করে। এসময় অনেকে স্বাক্ষর না করে এর প্রতিবাদ করেন। সুরতহাল করতে সাদাকাগজে স্বাক্ষর নেয়া নতুন নয়, পিআরবি অনুযায়ী এটা সঠিক বলে জানান উপস্থিত থানা পুলিশের একজন পুলিশ কর্মকর্তা। তবে এটাকে বে-আইনী ও তথ্যগোপনের অপকৌশল বলে অনেকে মন্তব্য করেছেন। রোজিনা আক্তার দুই সন্তানের জননী। মেয়ে আফসানা মিমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং ছেলে রিফাত হোসেন রাহা ৮ম শ্রেণীতে পড়ে।
রোজিনার ভাই ফরহাদ হোসেন মোবাইল ফোনে জানান, তিনি ও তার পরিবারের সবাই গাড়িতে রয়েছেন কেউ এখনো ঘটনাস্থলে পৌছাতে পারেননি। ঘটনাস্থলে পৌছে ঘটনাটি হত্যা না অন্য কিছু তা বলতে পারবেন।
এসএসমপি’র জালাবাদ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম গৃহবধূ রোজিনার মৃত্যু নিশ্চিত করে জানান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

 

Share





Related News

Comments are Closed