Main Menu

পাওনা টাকা আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরায় পাওনা টাকা নিতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। এ ঘটনায় সাগর রহমান (৩৭) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাগর ঝিনাইদহ জেলার সদর থানাধীন পাইকপাড়া নামক এলাকার শফিকুল ইসলামের ছেলে।

উত্তরা ৭ নম্বর সেক্টরের ১৯ নম্বর সড়কের ৮ নম্বর বাড়িতে গত ৫ জুলাই বুধবার রাতে ওই তরুণীকে ধর্ষণ করা হয়। বৃহস্পতিবার ওই তরুণী থানায় অভিযোগ করলে সাগরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, তিন মাস আগে ওই তরুণীর কাছ থেকে ৪ হাজার টাকা ধার নেয় সাগর। পাওনা টাকার জন্য তার সাথে মোবাইলে যোগাযোগ করলে বাসায় যেতে বলে। পরে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই তরুণী সাগরের উত্তরার বাসায় গেলে টাকা না দিয়ে তাকে জোরপূর্বক আটকে রেখে রাতভর ধর্ষণ করে সাগর। পরে ওই তরুণী বাসা থেকে পালিয়ে এসে বৃহস্পতিবার থানায় অভিযোগ করেন।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার এসআই (উপ-পরিদর্শক) আব্দুল্লাহ ইবনে সাঈদ জানান, ধর্ষণের ঘটনায় উত্তরা পশ্চিম থানায় সাগরকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-০৯।

ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আলী হোসেন খান জানান, ধর্ষণের অভিযোগ পাওয়ার পরপরই ওই ধর্ষককে গ্রেফতার করা হয়। ভুক্তভোগী ওই তরুণী পুলিশ হেফাজতে রয়েছে। তাকে মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

Share





Related News

Comments are Closed