সিলেটে বন্যা দূর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাদ্য সঙ্কট
বৈশাখী নিউজ ডেস্ক: প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে সৃষ্ট বন্যার সার্বিক পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। প্রধান দুটি নদী সুরমা ও কুশিয়ারার পানি কিছুটা কমেছে। তবে এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বানভাসি মানুষের দুর্ভোগ কমছেনা। তাছাড়া বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানি আর খাদ্য সঙ্কটের ফলে বাড়ছে হাহাকার। খাদ্যের অভাবে অনাহারে-অর্ধাহারে দিন যাপন করছে অনেক পরিবারও। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে- পর্যাপ্ত ত্রাণ সামগ্রী রয়েছে, বিতরণও করা হচ্ছে।
তবে বন্যা কবলিত এলাকায় দুর্গতদের মাঝে ত্রাণ না পাওয়ায় দেখা দিয়েছে হতাশা ও ক্ষোভ। কাজ না থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন হতদরিদ্ররা। ঘরে খাবার নেই। জ্বালানি, মরিচ, লবণ তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অভাব দেখা দিয়েছে। তাছাড়া বেশির ভাগ ঘর-বাড়ি পানির নিচে হওয়ায় রান্না করার মতো উঁচু স্থানেরও অভাব রয়েছে।
সিলেট পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুম সূত্র জানায়, সুরমা ও কুশিয়ারা নদীর পানি কিছুটা কমেছে। তবে এখনও বিপদসীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার কানাইঘাটে সুরমা বিপদসীমার ৫৩ সেন্টিমিটার, শেওলায় কুশিয়ারা বিপদসীমার ৬৩ সেন্টিমিটার, আমলসীদে কুশিয়ারা বিপদসীমার ৬২ সেন্টিমিটার, শেরপুরে কুশিয়ারা ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত বুধবারের চেয়ে এসব নদীতে পানি প্রবাহ কিছুটা কমেছে।
সরেজমিনে ফেঞ্চুগঞ্জ উপজেলার গয়াসি গ্রামে দেখা গেছে, ত্রাণের নৌকার অপেক্ষায় দুর্গতরা। একটি নৌকা ত্রাণ নিয়ে এসেছে। সেখানে ত্রাণ নিতে তারা দলবদ্ধভাবে ভিড় করছেন।
উপজেলার হাকালুকি হাওর পাড়ের গ্রাম বাঘমারা। ঈদের আগেই হাওরের পানি বেড়ে গ্রামে পানি প্রবেশ করেছিল। তবে পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যার পর পুরো গ্রাম পানিতে তলিয়ে যায়। নিচু এলাকা হওয়ায় অনেক বাড়ির ঘর পুরোপুরি পানির নিচে চলে গেছে।
এই গ্রামের বাসিন্দা মিনারা বেগম জানান, বন্যায় তার ঘর পুরোপুরি ডুবে গেছে। এ অবস্থায় এক মেয়েকে নিয়ে তিনি অন্য এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। ঈদের আগে তারা ত্রাণ হিসাবে সামান্য চিড়া গুড় পেয়েছিলেন। এর বাইরে তিনি আর কোন ত্রাণ সহায়তা পাননি। খেয়ে না খেয়ে তাদেরকে থাকতে হচ্ছে।
এ গ্রামের আরও অন্তত ৪-৫শ’ লোক বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। গ্রামের আরেক বাসিন্দা রমজান আলী জানান, খাবার ও বিশুদ্ধ পানির সঙ্কটের কারণে তারা চরম দুর্ভোগে রয়েছে। হাওরপাড়ে বিশুদ্ধ পানি পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি। তাছাড়া সরকারি ভাবে যেসব ত্রাণ বিতরণ করা হচ্ছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে মন্তব্য তার।
শুধু বাঘমারা গ্রামই নয়, সিলেট জেলার আট উপজেলার ৪৬৬টি গ্রাম বন্যা কবলিত হয়েছে। এর মধ্যে বেশির ভাগ এলাকার বর্তমান চিত্র এমন।
সিলেট জেলা প্রশাসনের বন্যা নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, আট উপজেলার ৫৬টি ইউনিয়নের ৪৬৬ গ্রাম বন্যা কবলিত হয়েছে। এসব এলাকার ১৭ হাজার ৮৫৮ পরিবারের ১ লাখ ৩৮ হাজার ৭৫৫ জন লোক ক্ষতিগ্রস্থ হয়েছেন। তাছাড়া ৪ হাজার ৪৯১ টি ঘরবাড়ি বন্যায় ক্ষতি হয়েছে। ৪ হাজার ৩৩০ হেক্টর আউশ ধান ও আমনের বীজতলাসহ ফসলী জমি তলিয়ে গেছে।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহীদুল ইসলাম চৌধুরী জানান, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ২৭৫ মেট্রিক টন ত্রাণ ও ৪ লাখ ৫৫ হাজার নগদ টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া বিতরণ করা হচ্ছে শুকনো খাবারও। তাছাড়া পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে বলেও জানান তিনি।
এদিকে, বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে বন্যা উপদ্রুত এলাকায় পানিবাহিত ডায়রিয়া, চর্মরোগ, বাচ্চাদের নিউমোনিয়া এবং বয়স্কদের শ্বাস-প্রশ্বাসে সমস্যা জনিত রোগের প্রকোপ দেখা দিতে পারে, এজন্য স্বাস্থ্য বিভাগের ৭৮টি মেডিকেল টিম কাজ করছে বলে জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়।
এজন্য পর্যাপ্ত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন, আইডি ফ্লুইডস বা কলেরা স্যালাইন, সিপ্রোফ্লক্সাসিন ও টেট্রাসাইক্লিন ট্যাবলেটের মজুদ রয়েছে। এছাড়া দুর্গত এলাকায় প্রয়োজনীয় স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হচ্ছে বলেও জানান তিনি।
দুর্গতদের সাহায্যে জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে। এছাড়া ব্যক্তি উদ্যোগেও অনেকে এগিয়ে এসেছেন বন্যার্তদের পাশে।
প্রসঙ্গত, প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত ১০দিন ধরে জেলার ৮টি উপজেলা বন্যা কবলিত হয়ে পড়েছে। উপজেলা ৮টি হচ্ছে- জকিগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, ওসমানীনগর, বিশ্বনাথ ও কোম্পানীগঞ্জ। এর মধ্যে বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও ফেঞ্চুগঞ্জে ১১টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed