Main Menu

বন্যা কবলিত এলাকায় পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলার ৮টি উপজেলা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। বন্যা দূর্গত এসব এলাকায় কয়েকটি মেডিকেল টিম কাজ করছে বলে জানিয়েছেন সিলেটের সিভিল সার্জন ডা: হিমাংশু লাল রায়।
মঙ্গলবার বিকেলে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় তিনি জানান, স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিমের সদস্যরা বন্যার্তদের চিকিৎসা সেবা দিতে কাজ করছেন।
পানিবাহিত রোগবালাই দমনে এরই মধ্যে ১ লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। এছাড়া ১ লাখ ৪৭ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং এক লাখ ওরস্যালাইন মজুদ রয়েছে বলেও জানান তিনি।
বন্যা কবলিত ৮টি উপজেলা হচ্ছে- জকিগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, ওসমানী নগর, কানাইঘাটের একাংশ, বিশ্বনাথ ও কোম্পানীগঞ্জ।
সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ত্রাণ সচিব শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো: রিয়াজ আহমদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস বক্তব্য রাখেন।
সভায় পুলিশ, সেনা, র‌্যাব, সিভিল সার্জন, ফায়ার সার্ভিসসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ, জেলার বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed