সিলেটে হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে জমির উদ্দিন (৫৫) নামের এক ব্যবসায়ীকে হত্যা ও লাশ গুম চেষ্টার মামলায় তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা এ রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হচ্ছে- নগরীর মেজরটিলা এলাকার মোহাম্মদপুরের আহবাব হোসেন চৌধুরী (৬২), বিয়ানীবাজারের বড় বালিঙ্গা গ্রামের মোহাম্মদ মইনুল (৪১) ও গোলাপগঞ্জের মঞ্জুরাবাদ গ্রামের মো. রুম্মান আহমদ (১৯)। রায় ঘোষনার সময় আহবাব ও মইনুল আদালতে উপস্থিত থাকলেও রুম্মান পলাতক ছিলেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মফুর আলী জানান, তাদেরকে যাবজ্জীবন কারাদন্ড ছাড়াও ৩ জনকে হত্যার পর লাশ গুম করার অভিযোগে আরও ৫ বছর করে সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
আদালত সূত্র জানায়, শাহপরাণ থানার ইসলামপুর চামেলিবাগ এলাকার বাসিন্দা জমির উদ্দিন পেশায় একজন ভূমি ব্যবসায়ী ছিলেন। ভূমি সংক্রান্ত বিষয়ে আলাপ করার কথা বলে জমির উদ্দিনকে ২০১২ সালের ১১ নভেম্বর দুপুরে আসামিরা আহবাব হোসেন চৌধুরীর বাসায় নিয়ে যায়।
পরদিন জমিরের মরদেহ খাদিমনগর বড়জান চা-বাগান থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করে পুলিশ। চামেলিবাগ পার্শ্ববর্তী মোহাম্মদপুরের বাসিন্দা আহবাব হোসেন চৌধুরীর সঙ্গে জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিরোধের জের ধরে জমিরকে খুন করা হয়।
পুলিশ এ তথ্য উদঘাটনের পর আহবান ও মইনুলকে আটক করে। পরে জমিরের ভাই আলা উদ্দিন বাদী হয়ে মহানগর পুলিশের শাহপরান থানায় হত্যা ও লাশ গুম করার অভিযোগে আসামিদের বিরুদ্ধে মামলা করেন। নং ১৩ (১২-১১-২০১২)।
শাহপরান থানার পরিদর্শক (তদন্ত) শিবেন্দ্র চন্দ্র দাশ মামলার তদন্ত করে ২০১৩ সালের ২০ এপ্রিল আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। ২০১৪ সালের ৯ এপ্রিল আদালতে অভিযোগ গঠন হলে মামলার ৩২ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত উল্লেখিত এ রায় ঘোষনা করেন।
Related News
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More
সিলেটের জাফলংয়ে নিয়ে তরুণীকে খুন, স্বামী-বন্ধুর মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে প্রায় ১৫ বছর আগে গার্মেন্ট কর্মী রুনা আক্তার সাথী (১৯)Read More



Comments are Closed