Main Menu

শতাব্দীর সেরা বিয়ে

বৈশাখী নিউজ ডেস্ক : ফুটবল মাঠে পায়ের কারুকাজে তিনি মুগ্ধতা ছড়ান সবার। এবার মুগ্ধ করলেন বিয়ে করে! শুক্রবার আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি ও তার ছোট বেলার বান্ধবী আন্তোনেলা রোকুজ্জোর মধ্যে বিয়ে অনুষ্ঠিত হয়। মেসির শহর রোজারিওতে আয়োজিত বিয়ের অনুষ্ঠানকে বিদেশি সংবাদ মাধ্যমগুলো শতাব্দীর সেরা বিয়ে আখ্যা দিচ্ছে।

লিওনেল মেসির ও তার বান্ধবীর বিয়ে নিয়ে সাধারণ মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। সেই ছোট্টটি থাকার সময়ই দু’জনার পরিচয়। ২০০০ সালে মেসির বয়স যখন ১৩ বছর তখন থেকে দু’জনের প্রেমের শুরু। এরপর সম্পর্কটা গড়িয়েছে গভীরে। মেসি-রোকুজ্জোর ঘর আলো করে এসেছে দুই পুত্র সন্তান। তবে এতকিছুর মধ্যে মেসি বিয়ের আনুষ্ঠানিকতাই কেবল বাকি রেখেছিলেন। শুক্রবার যা সেরে ফেললেন।

মেসির বিয়েতে মোবাইল ফোনের ব্যবহার ছিল নিষিদ্ধ। মেসি-আন্তোনেল্লা দু’জনে মিলেই এ সিদ্ধান্ত নেন। বিলাসবহুল সেই বিয়েতে পুরোপুরি গোপনীয়তা বজায় রাখা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের সার্বক্ষণিক নজর ছিল সেদিকে।

মেসির বিয়ের অনুষ্ঠান হয় রোজারিও সিটি সেন্টার কমেপ্লেক্সে। যেখানে ছিল প্রায় ২৬০ জন অতিথি। এক কথায় যা তারার মেলা। নেইমার, লুইস সুয়ারেজ, জেরার্ট পিকে ও তার স্ত্রী কলম্বিয়ান পপস্টার সাকিরা উপস্থিত ছিলেন। বিয়ের অনুষ্ঠান কাভারের জন্য ১৫০ জন সাংবাদিক আমন্ত্রিত ছিলেন।

বিয়েতে মেসি পড়েছিলেন কালো স্যুট-প্যান্ট। স্যুটের নিচে সাদা শার্ট। অন্যদিকে মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর পড়েছিলেন বার্সেলোনার বিখ্যাত ডিজাইনার রোসা ক্লারার ডিজাইন করা পোশাক।

মেসির বিয়েতে আমন্ত্রিত ২৬০ অতিথির নিরাপত্তা নিশ্চিতে হাজির ছিলেন ৪৫০ পুলিশ কর্মকর্তা।

Share





Related News

Comments are Closed