Main Menu

জাফলংয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের গোয়াইনঘাটে এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার রাতে জাফলংয়ের মামার বাজার এলকায় এ ঘটনা ঘটে। পূর্ব বিরোধের জের ধরেই ছুরিকাঘাতে তাকে খুন করা হয়েছে বলে নিহতের স্বজনরা অভিযোগ করেন।
নিহত দিলদার হোসেন (২০) উপজেলার লাখেরপাড় গ্রামের মোস্তফা মিয়ার ছেলে ও জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রী কলেজের ছাত্র।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনার সাথে জড়িত কাউকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ।
নিহত দিলদারের বাবা মোস্তফা মিয়া জানান লেখা পড়ার পাশাপাশি তার ছেলে পরিবারের অর্থের যোগান দিতে মাঝে মাঝে ভাড়ায় চালিত মোটর সাইকেল চালাতো। ঈদের ছুটিতে কলেজ বন্ধ থাকায় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটর সাইকেল নিয়ে জাফলংয়ের মামার বাজার পয়েন্টে যাত্রীর জন্য অপেক্ষা করছিল দিলদার। এসময় পূর্ব বিরোধের জের ধরে জাফলং বস্তির মন্তাজ মিয়ার ছেলে ও কথিত যুবলীগ কর্মী মজির আহমদ ও তার সহযোগী বাংলা বাজার এলাকার বিষা তালুকদারের ছেলে রুবেল মিলে দিলদারের ওপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় দিলদারকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় ঘটনাস্থল পরিদর্শন করেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত দিলদারের লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। ময়না তদন্ত শেষে নিহতদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনার সাথে জড়িত অপরাধীদের আটক করতে পুলিশ তৎপর রয়েছে। আশা করছি খুব দ্রুত তাদের আটক করে আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এদিকে জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রী কলেজের ছাত্র দিলদার হোসেনেকে হত্যার প্রতিবাদে ও খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে এলাকাবাসীর উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে মামার বাজার পয়েন্টে মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন গোয়াইনঘাটের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ আলম স্বপন ও ইউএনও মো. সালাহ উদ্দিন।

Share





Related News

Comments are Closed