সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পাস
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদে ৫৫ ঘণ্টা আলোচনার পর ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৪ লাখ কোটি টাকার বাজেট পাস হয়েছে। টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকারের চতুর্থ বাজেট এটি। আর অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিতের টানা নবম বাজেট।
বৃহস্পতিবার স্পিকার শিরীন শারমিন চৌধরীর সভাপতিত্বে সকাল ১০টায় অধিবেশন শুরু হয়। অধিবেশনে আগামী অর্থবছরের জন্য ৪ লাখ ২৬৬ কোটি টাকার জাতীয় বাজেট কণ্ঠভোটে পাস হয়। শনিবার ২০১৭-১৮ অর্থবছরের প্রথম দিন ১ জুলাই থেকে এ বাজেট কার্যকর হবে।
গত ১ জুন জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও মানবসম্পদ উন্নয়ন খাতকে গুরুত্ব দিয়ে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এবারের বাজেটের আকার ৪ লাখ ২৬৬ কোটি টাকা। এ বছর বাজেটে জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭ দশমিক ৪ শতাংশ, এডিপির আকার ধরা হয়েছে এক লাখ ৫৩ হাজার কোটি টাকা, মূল্যস্ফীতি ধরা হয়েছে সাড়ে ৫ শতাংশ, বাজেট ঘাটতি ধরা হয়েছে এক লাখ ১২ হাজার কোটি টাকা। এ ঘাটতি মেটাতে ব্যাংক ব্যবস্থাপনা থেকে ঋণ, সঞ্চয়পত্র বিক্রি এবং বাকিটা বিদেশি সহায়তা নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বাজেটে ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হলেও গত বুধবার প্রধানমন্ত্রীর পরামর্শে তা কমিয়ে অর্থবিল পাস করা হয়েছে। এছাড়া ব্যাপক আলোচিত নতুন ভ্যাট আইন ১ জুলাই থেকে কার্যকরের প্রস্তাব করা হলেও প্রধানমন্ত্রীর পরামর্শে তা কমপক্ষে দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে।
উচ্চ প্রবৃদ্ধি অর্জনে এবারের বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে সরকারের অবকাঠামো উন্নয়ন, গ্যাস ও বিদ্যুৎ উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন, শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য সামাজিক ও মানবসম্পদ উন্নয়ন। এ বছর বাজেটে বেশি বরাদ্দ পাবে বিদ্যুৎ খাত। একইভাবে গুরুত্ব পাবে মানবসম্পদ খাত। উল্লেখযোগ্য বরাদ্দ রাখা হয়েছে পদ্মা সেতুসহ সরকারের মেগা প্রকল্প খাতে। তবে বাড়ানো হতে পারে ব্যক্তিখাতের করমুক্ত আয়সীমা।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছরের বাজেট করা হয়েছে জিডিপির ১৭ শতাংশ হারে। বাজেটে ঘাটতি ধরা হয়েছে ৫ শতাংশ।
এর আগে রেওয়াজ অনুযায়ী সংসদে উপস্থাপনের আগে সংসদ ভবনের কেবিনেট কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য মন্ত্রিপরিষদের বিশেষ সভায় ২০১৭-১৮ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়।
Related News
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্প অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর বৈঠকে দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন চালুরRead More
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More



Comments are Closed