Main Menu

যা যা থাকছে আজকের ‘ইত্যাদি’তে

বিনোদন ডেস্ক: প্রতি বছরের মতো এবারও বাড়তি আনন্দ নিয়ে আসছে হানিফ সংকেতের ‌‘ইত্যাদি’। প্রতি ঈদেই থাকে ‘ইত্যাদি’র জমকালো আয়োজন এবং চমকানো সব বিষয়। এবার ঈদের ‘ইত্যাদি’ ধারণ করা হয়েছে রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। অনুষ্ঠানটি একযোগে প্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে ২৭ জুন রাত ১০টা ১০ মিনিটে।

এবারও একটি বিশাল সেটে কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে ধারণ করা হয় ‘ইত্যাদি’র পুরো পর্ব। ইনডোর স্টেডিয়ামের প্রায় তিন ভাগের এক ভাগ জুড়ে নির্মাণ করা হয়েছিল নান্দনিক সেট।

‘ইত্যাদি’ শুরু করা হয়েছে- ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুুশির ঈদ’ গানটি দিয়ে। গান এক হলেও প্রতিবারের মতো এবারও রয়েছে শিল্পী নির্বাচন এবং চিত্রায়নে বৈচিত্র্য।

এবারের আয়োজনে শিল্পী এ্যান্ড্রু কিশোর একটি বিষয়ভিত্তিক গান গেয়েছেন। সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার নিয়ে গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন আলী আকবর রূপু। গানটির চিত্রায়নে এ্যান্ড্রু কিশোরের সঙ্গে অংশগ্রহণ করেছে দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশু।

‘ঈদে ঘরমুখি মানুষদের আনন্দ এবং সড়ক দুর্ঘটনা’- এই বিষয় নিয়ে এবারের পর্বে একটি বক্তব্যধর্মী, সচেতনতামূলক নাচ করা হয়। নাচটি পরিবেশন করেছেন দেশের খ্যাতিমান নৃত্যজুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা। তাদের সঙ্গে ছিলেন প্রায় শতাধিক নৃত্য ও অভিনয়শিল্পী। নাচটির সংগীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ।

এবারের ঈদ ইত্যাদিতে দেখা যাবে দেশের বিশেষ করে শহরাঞ্চলের নানান সমস্যা নিয়ে ৫ জন বিখ্যাত ও আলোচিত চরিত্রের সংলাপ। চরিত্রগুলো কাল্পনিক না হলেও অবস্থাটা কাল্পনিক। আর এই আলোচিত মানুষদের কাল্পনিক চরিত্রগুলোতে অভিনয় করেছেন দর্শকপ্রিয় পাঁচজন অভিনয় তারকা- শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী, মীর সাব্বির, অপূর্ব ও জাহিদ হাসান।

এবারের চমকের একটি হচ্ছে বিশেষ মিউজিক্যাল ড্রামা। তিনটি ভিন্ন ভিন্ন বিষয়ের উপর করা মিউজিক্যাল ড্রামায় অংশগ্রহণ করেছেন জনপ্রিয় অভিনয় তারকা আজিজুল হাকিম, কুসুম শিকদার, ঈমন, নিরব ও সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী।

বিভিন্ন পর্বে সমসাময়িক প্রসঙ্গ ও সমাজের অসংগতির বিরুদ্ধে থাকে তীব্র কটাক্ষপাত। এবার সে পর্বটি উপস্থাপনা করেছেন অপি করিম। অতিথি হিসেবে ছিলেন- মিশা সওদাগর, আহমেদ রুবেল, তবিবুল ইসলাম ও দিলারা জামান।

একটি গানে অংশ নিয়েছেন এই প্রজন্মের ক’জন জনপ্রিয় শিল্পী প্রতীক হাসান, প্রীতম হাসান, কনা ও ঐশী। গানটি লিখেছেন লিটন অধিকারী রিন্টু, সুর ও সঙ্গীত পরিচালনা করেছে প্রীতম হাসান।

বিদেশীদের নিয়ে এবারও রয়েছে তেমনি একটি ব্যতিক্রমী আয়োজন। এই পর্বটিতে পৃথিবীর বিভিন্ন দেশের প্রায় অর্ধশতাধিক বিদেশী নাগরিক অংশগ্রহণ করেছেন। এবারের বিদেশী পর্বে একটি চমৎকার শ্লোগান উঠে এসেছে, তা হচ্ছে- ‘যৌতুক নেয়া মহাপাপ- যৌতুক সমাজের অভিশাপ।’

Share





Related News

Comments are Closed