Main Menu

কমলগঞ্জে প্রকৌশলীর বাসায় ডাকাতি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর সবুজবাগ আবাসিক এলাকায় এলজিইডি কমলগঞ্জ এর উপ সহকারী প্রকৌশলী মামুন আহমদ এর বাসায় তালা ভেঙ্গে ডাকাতি সংঘটিত হয়েছে। গত বৃহষ্পতিবার দুপুরবেলা বৃষ্টির সময় ডাকাতরা বাসার আলমিরা, শোকেজ ভেঙ্গে তছনছ করে লক্ষাধিক টাকার মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। ঈদের ছুটি কাটাতে বাসার মহিলারা ঘটনার সময় গ্রামের বাড়িতে ছিলেন। কিছুদিন পূর্বেও একদল ডাকাত এই বাসার লোকদের অবচেতন করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। তখন ডাকাতদের আক্রমনে ইঞ্জিনিয়ার মামুন আহমদ গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঘটনার খবর পেয়ে বৃহষ্পতিবার রাতে শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ, স্থানীয় ইউপি সদস্য আজিজুর রহমান ও শমশেরনগর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। এছাড়া গত দুইদিনে শমশেরনগর বাজারে ৫/৬টি দোকানে চুরি সংগঠিত হয়েছে। এছাড়া গত বুধবার রাতে শমশেরনগর চা বাপানে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অপূর্ব নারায়নের বাসায়ও ডাকাতির চেষ্টা করা হয়। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে চুরি, ডাকাতি, ছিনতাই বেড়ে গেছে। বাসা বাড়ির লোকজন ও ব্যবসায়ীদের মধ্যে আতংক নিরাজ করছে। সচেতন মহল মনে করেন স্থানীয় একটি অপরাধী চক্র এ ঘটনার সাথে জড়িত। পুলিশ সক্রিয় ভুমিকা পালন করলেই অপরাধীরা ধরা পড়বে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ওসি নাসির উদ্দিন বলেন, প্রকৌশলী মামুনের বাসায় ডাকাতি নয়, চুরি সংঘটিত হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দাখিল করা হয়নি। চুরি, ডাকাতি, ছিনতাই রোধে পুলিশ সক্রিয় রয়েছে। রাত্রিকালীন পাহারাও জোরদার করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed