Main Menu

কানাইঘাটে বিদ্যুৎস্পৃস্টে গাভীর মৃত্যু

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি : কানাইঘাট উপজেলায় পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের কর্মকর্তাদের চরম গাফলাতি ও দায়িত্ব পালনে অবহেলার কারণে সোমবার একটি ‘অস্ট্রেলিয়ান জাতের’ গাভী মারা গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, গাভিটির মুল্য প্রায় দেড় লাখ টাকা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পৌরসভার মহেষপুর গ্রামের ক্ষেতের মাঠের উপর দিয়ে ১১ হাজার ভোল্টের একটি বিদ্যুৎ লাইন থেকে দুর্বল ট্রান্সফরমারের মাধ্যমে আশপাশ এলাকার বাসাবাড়ীতে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। মেইন বৈদ্যুতিক লাইন থেকে একটি সংযোগ লাইন ক্ষেতের মাঠের দুই ফুট উপর দিয়ে দীর্ঘদিন ধরে ঝুলে থাকলে স্থানীয় বিদ্যুৎ গ্রাহকরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগত করার পরও কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইনটি মেরামতে প্রয়োজনীয় কোন ব্যবস্থা নেয়নি। সোমবার বিকেল ৩টার দিকে ওই মেইন লাইন ও ট্রান্সফরমারে আগুন ছড়িয়ে পড়লে বিষয়টি দেখে মহেষপুর গ্রামের বাসিন্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আখতার মারুফ তাৎক্ষণিক বিষয়টি পল্লীবিদ্যুৎ অফিসে ফোন দিয়ে জানানোর পরও কোন কর্মকর্তা ঘটনাস্থলে আসেননি এবং সাথে সাথে বিদ্যুৎ সংযোগও বন্ধ করেননি। এ সময় বৈদ্যুতিক লাইন থেকে ক্ষেতের মাঠের পানিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়লে সেখানে মহেষপুর গ্রামের বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান আহমদ সিদ্দিকী দুদু মিয়ার পুত্র রোমান সিদ্দিকীর একটি গাভী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। রাখাল সাদিক আহমদও পানিতে ছড়িয়ে পড়া বিদ্যুতে আক্রান্ত হলে সে কোনমতে প্রাণে রক্ষা পায়। পরে গাভীর মালিক রোমান সিদ্দিকী বিদ্যুৎ অফিসে গিয়ে অবগত করার ১ ঘন্টা পর জোনাল অফিসের ডিজিএম নজরুল ইসলাম মোল্লাসহ কয়েকজন ঘটনাস্থলে আসেন এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন।
এ ব্যাপারে কানাইঘাট পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম নজরুল ইসলাম মোল্লার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কিভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাভীটি মারা গেছে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Share





Related News

Comments are Closed