Main Menu

সিলেট নগরীতে হকার উচ্ছেদ অভিযানে সিসিক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আদালতের নির্দেশনার পর সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধূরীর বেঁধে দেয়া তিনদিনের সময় অতিবাহিত হওয়ার পর সিলেট নগরীর ফুটপাত দখলমুক্ত করার অভিযানে নেমেছে সিসিক।
বৃহস্পতিবার (১ জুন) বেলা ১১টার দিকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে এ অভিযান শুরু হয়।
অভিযানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী এনামুল হাবিব সহ বিপুল সংখ্যক পুলিশ ও পরিচ্ছন্নতা কর্মীর অংশগ্রহনণে ফুটপাত দখলমুক্ত করা হয়।
গত মাসের ২৯ মে সোমবার সিলেটের আদালত প্রাঙ্গণসহ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিটি কর্পোরেশন কার্যালয় সংলগ্ন ফুটপাতে অবৈধ দখলদার, নেপথ্যে থাকা দখলদার পক্ষের ব্যক্তিদের নাম, ঠিকানা ও পরিচয় সনাক্তকরণের লক্ষ্যে সিলেটের বিভিন্ন সেক্টরের নেতৃবৃন্দকে নিয়ে জরুরী বৈঠক করে সিলেট সিটি কর্পোরেশন।
ওই সভায় নেয়া সিদ্ধান্ত অনুযায়ী ৩দিনের মধ্যে সিলেটের আদালত প্রাঙ্গণসহ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিটি কর্পোরেশন কার্যালয় সংলগ্ন ফুটপাতে অবৈধ দখলদারদের সরে যাওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়ে মাইকিং করে সিসিক।
এর আগে সিলেট জেলা আইনজীবী সমিতির একটি আবেদনের পরিপ্রেক্ষিতে ২৫ মে বৃহস্পতিবার সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরো জনগুরুত্বপূর্ন প্রতিষ্ঠানের সংলগ্ন ফুটপাতে অবৈধ দখলদার, নেপথ্যে থাকা দখলদার পক্ষের ব্যক্তিদের নাম, ঠিকানা তদন্ত করে সাত দিনের মধ্যে তা আদালতে দাখিল করতে সিটি কর্পোরেশনকে নির্দেশ দিয়েছিলেন। এ কাজে সিটি কর্পোরেশনকে সহায়তা করতে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও নির্দেশ দেওয়া হয়েছিল।
সবশেষ গত বুধবার (৩১ মে) সিলেট জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মো. জয়নাল আবেদীন সিলেটের আদালত প্রাঙ্গণসহ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিটি কর্পোরেশন কার্যালয় সংলগ্ন ফুটপাতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে সিটি মেয়র, এসএমপি কমিশনার, জেলা প্রশাসক ও কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনুরোধসহ নির্দেশ প্রদান করেন।

Share





Related News

Comments are Closed