Main Menu

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবসে ‘প্রকৃতি বন্ধন’

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্যদিয়ে প্রাণ ও প্রকৃতির বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে ‘প্রকৃতি বন্ধন’ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ মে) সকাল সাড়ে ৯টায় আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস ও প্রাণ ও প্রকৃতির বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে এই কর্মসূচি পালিত হয়।
সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এই প্রকৃতি বন্ধনের আয়োজন করে।
অনুষ্ঠানে শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্যরা মুখে বিভিন্ন প্রাণি, গাছ ও নদীর মুখোশ পরে নির্ভরশীল অন্যান্য প্রাণ ও প্রকৃতির প্রতি প্রতীকী শ্রদ্ধাজ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করে।

এতে মাছের মুখোশ পরে তাপস বলে, আমি মাছ। আমি নদী ও জলাশয়ের কাছে কৃতজ্ঞ। নদী বেঁচে থাকুক।
বিউটি পাখির মুখোশ পরে বলে, আমি পাখি। আমি গাছের কাছে কৃতজ্ঞ। গাছ না বাঁচলে আমি খাবো কী? থাকবো কোথায়?

শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি শেখ তানজির আহমেদের সঞ্চালনায় ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরার বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, মানবাধিকার সংগঠন স্বদেশের নির্বাহী পরিচালক মাধবচন্দ্র দত্ত, সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, তুজরপুর কৃষক ক্লাবের সভাপতি ইয়ারব হোসেন, বারসিকের গবেষণা সহকারী সাইদুর রহমান প্রমুখ।

এদিকে, সাতক্ষীরার শ্যামনগরেও আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস এবং প্রাণ ও প্রকৃতির বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে প্রকৃতি বন্ধন কর্মসূচি পালন করেছে সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম ও গবেষণা প্রতিষ্ঠান বারসিক।

Share





Related News

Comments are Closed