Main Menu

সুনামগঞ্জে ঠিকাদারের হামলায় ইউপি সদস্য আহত

সুনামগঞ্জ প্রতিনিধি : দক্ষিণ সুনামগঞ্জে সেতু নির্মাণে অনিয়ম নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় স্থানীয় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের উপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের কান্দিগাঁও এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য রঞ্জিত সূত্রধরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের একটি সেতু নির্মাণের কিছুদিনের মধ্যেই সেতুটিতে ফাটল ও সেতুর উপরের পিচ উঠে যাওয়ায় ইউপি সদস্য রঞ্জিত সুত্রধর উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সেতুটির ঠিকাদারের নাম উল্লেখ করে ফেসবুকে একটি পোস্ট দেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সেতুটির ঠিকাদার ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল আলম নিক্কু ওই ইউপি সদস্যকে মঙ্গলবার সকালে পোস্টটি মুছে ফেলার জন্য হুমকি দেন। পরে বিকেলে ইউনিয়নের কান্দিগাঁওয়ে হামলার শিকার হন ইউপি সদস্য রঞ্জিত সূত্রধর। স্থানীয়রা জানান, সাবেক চেয়ারম্যান নিক্কুর চাচাতো ভাই উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মনসুর আলম সুজন, ডালিম মিয়া এবং আত্মীয় ফারুক মিয়ার নেতৃত্বে এই হামলা চালানো হয়। এ সময় রঞ্জিত সুত্রধর দৌড়ে পার্শ্ববর্তী মসজিদে ঢুকলে সেখানেও তাকে মারধর করা হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল আমিন হামলার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি পুলিশ অবগত হয়েছে, তবে আহতের পরিবারের সদস্যরা এখনো মামলা দায়ের করেননি। মামলা দায়ের করা হলে বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share





Related News

Comments are Closed