Main Menu

বিশ্বনাথে শিশু শ্রমিকের সংখ্যা বাড়ছে

মো. আবুল কাশেম. বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে শিশু শ্রমিক সংখ্যা দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে। দরিদ্রতার কারণে অনেক অভিভাবক তাদের শিশু সন্তানদের স্কুলে না পাঠিয়ে জীবন-জীবিকার সন্ধানে কাজে পাঠাচ্ছেন। এলাকার অনেক শিশু প্রাথমিক বিদ্যালয়ের লেখাপড়া শেষ করার আগেই ঝরে পড়ছে। যে বয়সে শিশুদের বই-খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা, সে বয়সে তারা জীবিকার টানে হোটেল- রেস্টুরেন্ট, চা-স্টল, ইট ভাঙা, নির্মাণ কাজ, রিকশা চালানো, গাড়ির হেলপার, দোকান কর্মচারীসহ বিভিন্ন ধরনের কঠিন ঝুঁকিপূর্ণ শ্রমে জড়িয়ে পড়ছে। তবে বিশ্বনাথে বিভিন্ন জেলার মানুষ বসবাস করে আসছে। আর এসব মানুষের মধ্যে বেশিরভাগ হতদরিদ্র। অর্থ উপার্জনের জন্য প্রবাসী এলাকা হওয়ায় দীর্ঘদিন ধরে তারা সপরিবারে বসবাস করছে। তাদের শিশুদের বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে লাগিয়ে দিচ্ছে। এসব শিশুর সঙ্গে আলাপ হলে জানা যায়, এদের বেশিরভাগই দরিদ্র ও বিত্তহীন পরিবারের সন্তান। পারিবারিক আর্থিক অনটনে তারা শিশুশ্রমে যুক্ত হয়েছে।
চা-স্টলের শিশু শ্রমিক সুমন (৮) জানায়, তার মা-বাবা স্কুলে ভর্তি করতে চেয়েছিলেন, অর্থের অভাবে স্কুল ছেড়ে চা-স্টলে ১৫শ’ টাকা বেতনে চাকরি নিয়েছে। সারাদিন এ দোকান ও দোকানে চায়ের কাপ হাতে নিয়ে ছুটোছুটি করে সুমন ক্লান্ত পায়ে রাতে বাড়ি ফিরে। সুমনের মতো উপজেলায় অনেক শিশু শ্রমিক রয়েছে।
এক পরিসংখ্যায় দেখা গেছে, অধিকাংশ শিশু শ্রমিকের বয়স ৭-১০ বছর। এসব শিশু শ্রমিক মালিক দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছে বলে অভিযোগ রয়েছে। সরকারের পক্ষ থেকে শিশুশ্রম বন্ধের আইন থাকলেও তার যথাযথ বাস্তবায়ন নেই। এছাড়াও প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হলেও সচেতনতার অভাবে অনেক অভিভাবক তাদের শিশু সন্তানদের স্কুল থেকে ছাড়িয়ে কাজে ভর্তি করে দিচ্ছেন।

Share





Related News

Comments are Closed