Main Menu

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-সিলেট মহা সড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের গালিব নূর ফিলিং ষ্টেশনের সামনে প্রাইভেট কার ও মাছ বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক পথচারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কের নূর ফিলিং ষ্টেশনের নিকটবর্তী মাঠে প্রতিদিনের ন্যায় মহাসড়কে পাশে বসে গরু চড়াচ্ছিলেন গজনাইপুর ইউনিয়নের লামরোহ টিলাপাড়া গ্রামের তাহির মিয়া (৭০) নামে এক বৃদ্ধ । দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা থেকে শেরপুরগামী মাছ বোঝাই পিকআপ ভ্যান ও সিলেট থেকে ঢাকাগামী প্রাইভেট কার (নং ঢাকা মেট্রো-গ১১-৫৩৩৫)-এর মধ্যে উল্লেখিত স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তাহির মিয়া (৭০) ও প্রাইভেট কার চালক গুরুতর আহত হয়। দুর্ঘটনায় প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। পিকআপ ভ্যান নিয়ে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে উৎসুক লোকজন তাকে আটক করেন।
বেলা দেড়টার দিকে আহত তাহির মিয়া ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
আহত প্রাইভেট কার চালককে নবীগঞ্জ উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেরপুর হাইওয়ে পুলিশের ওসি বিমল ভৌমিক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Share





Related News

Comments are Closed