শেরে বাংলা ফজলুল হকের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নেতা শেরে বাংলা আবুল কাশেম (এ কে) ফজলুল হকের ৫৫ তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। তিনি ১৯৬২ সালের ২৭ এপ্রিল মৃত্যুবরণ করেন। ১৮৭৩ সালে ২৬ অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন তিনি। ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।
শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলার গরিব-দুঃখী মানুষের জন্য শেরেবাংলা এ কে ফজলুল হকের অসীম মমত্ববোধ এদেশের জনগণকে চিরদিন অনুপ্রাণিত করবে। তিনি শেরেবাংলা এ কে ফজলুল হকের ৫৫তম মৃত্যুবার্ষিকীতে আজ দেয়া এক বাণীতে একথা বলেন। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী এবং কৃষক ও মেহনতি মানুষের অকৃত্রিম বন্ধু শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হকের ৫৫তম মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রী তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
বাণীতে তিনি বলেন, দেশের কৃষক সমাজের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে শেরেবাংলা আজীবন কাজ করে গেছেন। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকাকালে তিনি দরিদ্র কৃষক এবং প্রজাদের স্বার্থ সুরক্ষার জন্য কৃষি ঋণ আইন, বেঙ্গল প্রজাস্বত্ব (সংশোধনী) আইনসহ বিভিন্ন আইন প্রণয়ন করেন।
রায়তদের ওপর প্রথাগতভাবে জমিদারগণ যে আবওয়াব ও সেলামি ধার্য করতেন তিনি তার বিলোপ সাধন করেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সাহসী নেতৃত্ব, উদার ও পরোপকারী স্বভাবের জন্য জনগণ তাঁকে ‘শেরে বাংলা’ বা ‘বাংলার বাঘ’ খেতাবে ভূষিত করেন। প্রধানমন্ত্রী মহান আল্লাহর দরবারে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
এদিকে, শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার এক বাণীতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেন, শেরে বাংলা এ কে ফজলুল হক দেশের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে জীবনের শেষদিন পর্যন্ত সোচ্চার ছিলেন। ব্রিটিশবিরোধী আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য তিনি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। বেগম খালেদা জিয়া বলেন, ‘জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে আমি তাঁর অমলিন স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা। রাজনীতি, সমাজ, শিক্ষা, কৃষিসহ দেশের সামগ্রিক অগ্রগতিতে প্রভূত অবদান রাখেন শেরে বাংলা এ কে ফজলুল হক। ঋণ সালিশী বোর্ড গঠনের মাধ্যমে এদেশের কৃষককুলকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে উদ্ধার করতে সমর্থ হয়েছিলেন। প্রজাস্বত্ব আইন প্রণয়নের মাধ্যমে তিনি ভূমির ওপর এদেশের কৃষক সমাজের অধিকার আদায়ে যুগান্তকারী ভূমিকা পালন করেন।’ বিএনপি চেয়ারপারসন বলেন, ‘আমাদের জাতীয় ইতিহাসে শেরে বাংলা ফজলুল হক ছিলেন এক অনন্য প্রতিভার অধিকারী। স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিকবোধ সৃষ্টিতে তাঁর অসামান্য অবদানের কথা এদেশের মানুষের মন থেকে কোনোদিনই বিস্মৃত হবে না। দেশ এবং জাতির কল্যাণে অবদানের জন্য ইতিহাসের পাতায় তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি মহান নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।’
এ উপলক্ষে বিভিন্ন সংগঠন আলোচনা সভা, মাজারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও বিশেষ মোনাজাতের কর্মসূচি নিয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে এদিন সকালে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের কর্মসূচি নেয়া হয়েছে।
প্রথিতযশার বাঙালি এই রাজনীতিবিদ রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের নিকট শেরে বাংলা (বাংলার বাঘ) এবং ‘হক সাহেব’ নামে সমধিক পরিচিত ছিলেন। তিনি ছিলেন উপমহাদেশের এক অসাধারণ প্রজ্ঞাবান রাজনীতিবিদ।
তিনি কলকাতার মেয়র (১৯৩৫), অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী (১৯৩৭-১৯৪৩), পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী (১৯৫৪), পূর্ব বাংলার গভর্নরের (১৯৫৬-১৯৫৮) পদসহ বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে অধিষ্ঠিত ছিলেন। যুক্তফ্রন্ট গঠনে প্রধান নেতাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম।
শেরে বাংলা জাতীয় স্মৃতি সংসদ আগামীকাল সকাল ৮টায় মরহুমের মাজার চত্ত্বরে এক আলোচনা সভার আয়োজন করেছে। অনুষ্ঠানে জাতীয় সংসদের চীফ হুইফ আ স ম ফিরোজ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট ইউসূফ হোসেন হুমায়ুন, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার এম আমীর উল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর অধ্যাপক ড. আ আ ম স আরেফিস সিদ্দিক প্রমুখ উপস্থিত থাকবেন।
জাতীয় গণতান্ত্রিক লীগ মরহুমের মাজার প্রাঙ্গনে সকাল ১০টায় আলোচনা সভার আয়োজন করেছে। এ অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
এছাড়া বরিশাল বিভাগ সমিতি এ উপলক্ষে বিকেল সাড়ে ৩টায় শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট আবদুল বাসেত মজুমদার।
Related News
মক্কায় ড্রোন হামলার চেষ্টা, জামায়াত আমিরের তীব্র নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর হামলার চেষ্টারRead More
পবিত্র মক্কা নগরীতে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাRead More



Comments are Closed