ঠাকুরগাওয়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৯
আব্দুল আওয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর কালেশ্বরগাঁও এলাকায় জমি নিয়ে সংঘর্ষে মিন্টু (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় চার নারীসহ আরও ৯ জন আহত হয়েছেন। শুক্রবার সদর উপজেলার দেবীপুর কালেশ্বরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিন্টু একই উপজেলায় উত্তর বঠিনা এলাকার সমির উদ্দিনের ছেলে। আহতরা হলেন-মুহাইমিনুল হক (৩৭), খদেজ খাতুন (৫০), লিয়াকত আলী (৬৫), নাইম (২৩), সমির উদ্দিন (৬৫), জাহানারা (৪৫), জিন্নাহ (৩৯), হাসিনা (৪০) ও নুর ইসলাম (৫৫)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ২টার দিকে কালেশ্বরগাঁও গ্রামে ৫০ কাঠা জমিতে পাট রোপন করার জন্য চাষ দিচ্ছিলেন মিন্টুসহ তার পরিবারের লোকজন। এ সময় এলাকার পবার উদ্দীন খান হাল চাষে বাধা দেন। এতে উভয়ের মাঝে কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে পবার উদ্দীন খানের লোকজন ক্ষিপ্ত হয়ে মিন্টুসহ তার পরিবারের সদস্যদের মারপিট করে এবং দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে মিন্টু মারা যান বলে এসআই খায়রুল জানান।
হাসপাতালের চিকিৎসক জাকিয়া আক্তার জুঁই বলেন, মিন্টুর মাথা ও পিঠে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। এতে প্রচুর রক্তক্ষরণ হওয়ার কারণেই তার মৃত্যু হয়। আহত নয়জনের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। আহত মুহাইমিনুল হক বলেন, কবলা সূত্রে ৫০ কাঠা জমির মালিক আমরা। কিন্তু দীর্ঘ আড়াই বছর ধরে পবার উদ্দীন খান আমাদের এই জমিটি তার দাবি করে প্রায় সময়ই দখল করার চেষ্টা করে।
এ বিষয়ে পবার উদ্দীন খানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
ঠাকুরগাঁও সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান সংঘর্ষে নিহতের কথা নিশ্চিত করে বলেন, পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। অবশ্যই তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed