Main Menu

সিলেটে জঙ্গি রিপনের ফাঁসি কার্যকরে প্রস্তুত কারা কর্তৃপক্ষ

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নানের সহযোগি জঙ্গি দেলোয়ার হোসেন রিপনের ফাঁসি কার্যকরে প্রস্তুত কারা কর্তৃপক্ষ।
আজ বুধবার রাতেই সাজা কার্যকর করার মতো সব প্রস্তুতি সম্পন্ন আছে বলে কারা সূত্রে জানা গেছে।
সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ছগির মিয়া জানান দেলোয়ার হোসেন রিপনের ফাঁসি কার্যকরে ১০ জল্লাদকে প্রস্তুত রাখা হয়েছে। তিনি জানান, বুধবার বিকালে আবার স্বজনদের সঙ্গে দেখা করতে চেয়েছেন রিপন। তিনি রোজা রেখেছেন এবং ইফতার পরিবারের সদস্যদের সঙ্গে করতে চেয়েছেন।
তিনি জানান, কারাগারের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। ফাঁসি কার্যকরের সব প্রস্তুতিই সম্পন্ন আছে।

এদিকে, মঙ্গলবার রিপনের সাথে তার পরিবারের লোকজন দেখা করেছেন। সকাল পৌনে ১১টার দিকে রিপনের মা সমিরুল নেসা মেলি, বাবা আবু ইউসুফ, ভাই শামসুল মোহাম্মদ শিপন ও ভাবি সামিয়া উর্মি কারাগারের ভেতরে ঢুকেন। প্রায় আধা ঘন্টা রিপনের সাথে দেখা করার পর বেরিয়ে আসেন তারা। এ সময় রিপনের বাবা আবু ইউসুফ বলেন, ‘টেলিভিশনের মাধ্যমে রিপনের প্রাণভিক্ষার আবেদন নাকচ হওয়ার বিষয়টি জেনেছি আমরা। এ খবরে রিপনকে দেখতে এসেছি।’

কারাগারের সিনিয়র জেল সুপার মো. ছগির মিয়া বলেন, ‘রিপনের পরিবার স্বেচ্ছায় দেখা করে গেছে। কারা কর্তৃপক্ষ তাদেরকে কোনো বার্তা পাঠায়নি। ফাঁসির রায় কার্যকরের আগে নিয়ম অনুযায়ী পরিবারের সদস্যরা আরেকবার দেখা করার সুযোগ পাবেন।’ তিনি জানান, আজ বুধবার সন্ধ্যায় রিপনের পরিবারকে তার সঙ্গে শেষ দেখা করতে বলা হয়েছে।
উল্লেখ্য সিলেটের হযরত শাহজালালের (রা.) মাজারে ২০০৪ সালের ২১ মে আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। হামলায় আনোয়ার চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত এবং পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত হন। ওই মামলায় ২০০৮ সালের ২৩ ডিসেম্বর বিচারিক আদালত ৫ আসামির মধ্যে মুফতি হান্নান, শরীফ শাহেদুল বিপুল ও দেলোয়ার হোসেন রিপনকে মৃত্যুদণ্ড এবং মহিবুল্লাহ ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ১৯ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মুফতি হান্নানের রিভিউ আবেদন খারিজ করে আগের রায় বহাল রাখেন। এরপর তিন আসামিই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন। রাষ্ট্রপতি আবেদন খারিজ করে দেন। এখন ফাঁসি কার্যকরে আর কোনও আইনি বাধা নেই।

Share





Related News

Comments are Closed