Main Menu

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৪

বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের হাতীবান্ধার ভেলাগুড়ি বাজারে বিদ্যুৎস্পৃষ্টে চারজন নিহত হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভেলাগুড়ি ইউনিয়নের ভেলাগুড়ি বাজারের সামসুদ্দিনের ছেলে খোরশেদ আলম (৩০), একই এলাকার আজিজার রহমানের ছেলে ফেরদৌস আলম (২৫), গোলাপ মিয়ার ছেলে উকিল হোসেন (২৬) ও একই ইউনিয়নের মধ্যকাদমা এলাকার জনাব আলীর ছেলে মিল্টন মিয়া(২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় তিন বিদ্যুৎ শ্রমিক বিদ্যুৎ সঞ্চালন লাইন থেকে সাব লাইনের ছেঁড়া তার সংযোগ দেয়ার সময় হঠাৎ বিদ্যুৎ চলে আসায় এ ঘটনা ঘটে। আর এ সময় তাদের সহায়তায় নিচে মই ধরে দাঁড়িয়ে থাকা অপরজনও গুরুতর আহত হয়।

এতে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হাতীবান্ধা বিক্রয় ও বিতরণ বিভাগের আবাসিক প্রকৌশলী সিরাজুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কিভাবে মৃত্যু হয়েছে তা আমার জানা নেই। আমাদেরকে অবহিত না করেই কেউ কাজ করে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, ‘বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ওই চার ব্যক্তির মৃত্যুর ঘটনা দুঃখজনক। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

লালমনিরহাটের জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান বলেন, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এনামুল কবীরকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় লালমনিরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করার প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Share





Related News

Comments are Closed