Main Menu

সুনামগঞ্জে হাওরে ঢুকছে পানি; কৃষকের সড়ক অবরোধ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দেখার হাওরে কৃষকের চোখের সামনে বাঁধ ভেঙ্গে তলিয়ে যাচ্ছে হাজার হাজার হেক্টর বোরো ধানের ফসলি জমি। পানিতে ডুবে যাচ্ছে কৃষকের স্বপ্নের সোনালী ফসল। হুড়মুড় করে পানি ঢুকছে ফসলি জমিতে। ইতিমধ্যে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জামখোলা হাওরের ৩ হাজার ১ শ হেক্টর ও দেখার হাওরের আড়াই হাজার হেক্টর বোরো ধানের জমি তলিয়ে গেছে। বাঁধ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের টালবাহানায় সর্বনাশের মুখে পড়েছেন হাজার হাজার কৃষক। এ ঘটনার প্রতিবাদে রোববার বিকেলে ক্ষতিগ্রস্ত কৃষকরা দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আস্তমা রাস্তা সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রায় ৩ ঘণ্টা অবরোধ করে রাখেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জানুয়ারি মাসে কাজ শুরু করার কথা থাকলেও মার্চ মাসের শেষ সপ্তাহে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজে যোগ দেয়। নির্ধারিত সময়ে বাঁধ নির্মাণ না করতে পারায় এবং ঠিকাদারি প্রতিষ্ঠান দেখার হাওরে বাঁধ সম্পূর্ণ নির্মাণ না করায় দেখার হাওরে গত ২/৩ দিনে পানি ঢুকে আড়াই হাজার হেক্টর বোরো ফসলি জমি তলিয়ে যায়। এতে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্থানীয় কৃষকেরা সোচ্চার হয়ে উঠে।
রোববার বিকেল ৩টার দিকে দেখার হাওরের হাজার হাজার কৃষক দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আস্তমা রাস্তা সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহা সড়ক প্রায় ৩ ঘণ্টা অবরোধ করে রাখে। এসময় পাগলা বাজার হতে শান্তিগঞ্জ পর্যন্ত যাত্রীবাহী গাড়ীর দীর্ঘ লাইন পড়ে যায়। পরে সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মো. শফিউল আলম, উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ, সুনামগঞ্জ জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার সঞ্জয় সরকার, দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ আল আমিন সহ স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপিনেতা সহ ব্যক্তিদের আশ্বাসের প্রেক্ষিতে তারা অবরোধ প্রত্যাহার করেন।

Share





Related News

Comments are Closed