৬৪ জেলার এসপিকে সতর্ক বার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় দেশজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদরদপ্তর। চট্রগ্রাম, আশকোনা এবং সিলেটের জঙ্গি তৎপরতার পরে শনিবার রাতে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) এ সতর্ক বার্তা দেওয়া হয়।
আজ রোববার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) সহেলী ফেরদৌস বলেন, জেলার পুলিশ সুপারদের (এসপি) বিশেষ বার্তা দেওয়া হয়েছে। সবাই যেন সর্বোচ্চ সতর্কতার সঙ্গে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেন। একই সঙ্গে বিদেশি নাগরিক, বিশিষ্ট ব্যক্তি ও বিশেষ স্থাপনার সামনে কড়া নজরদারিসহ দায়িত্বরত পুলিশ সদস্যদের সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
সহেলী ফেরদৌস বলেন, দক্ষিণ সুরমার জঙ্গি আস্তানায় যৌথ বাহিনীর অভিযানের সময় প্রাণঘাতী বিস্ফোরণের পর শনিবার রাতে এ সতর্ক বার্তা দেওয়া হয়।
২৩ মার্চ দিবাগত বৃহস্পতিবার রাতে দক্ষিণ সুরমায় জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া গেলে পরদিন ২৪ মার্চ ভোরে সেখানে অভিযানে যায় আইন-শৃঙ্খলা বাহিনী। এরপর অভিযানে যোগ দেয় সেনাবাহিনীর প্যারা-কমান্ডোরাও। রবিবার ২৬ মার্চ দুপুর পর্যন্ত জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ ঘিরে যৌথ বাহিনীর গুলিবর্ষণ চলছে। সেখানে শনিবার ২৫ মার্চ যৌথ বাহিনীর অভিযান শুরুর পর বিস্ফোরণ ঘটানো হয়। এতে এখন পর্যন্ত দুই পুলিশ সদস্যসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩২ জন।
এর আগে, গত ১৫ ও ১৬ মার্চ চট্টগ্রামের সীতাকুন্ডে জঙ্গি আস্তানায় পৃথক দুইটি অভিযান চালানো হয়। ১৭ মার্চ রাজধানীর আশকোনায় র্যাবের নির্মাণাধীন সদরদপ্তরের ভেতরে ঢুকে বোমা বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি। ২৪ মার্চ দক্ষিণ সুরমায় অভিযান শুরুর দিন ঢাকার আশকোনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি পুলিশ চেক পোস্টের কাছে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে বোমা বহনকারী নিহত হয়।
এসব ঘটনার প্রেক্ষিতেই সতর্কাবস্থান জোরদার করতে এসপিদের কাছে পুলিশ সদরদপ্তরের বার্তা গেছে বলে মনে করা হচ্ছে।
Related News
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed