Main Menu

লাউয়াছড়া উদ্যানে ট্রেনে কাটা পড়ে হরিণের মৃত্যু

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর রেলের লেভেল ক্রসিং এলাকায় শুক্রবার (২৪ মার্চ) সকালে একটি ট্রেনের নিচে কাটা পড়ে একটি মায়া হরিণ মারা গেছে।
বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের কর্মীরা মৃত হরিনটি উদ্ধার করে ময়না তদন্ত শেষে শনিবার (২৫ মার্চ) সকাল নয়টায় জাতীয় উদ্যানের ভিতর মাটি চাপা দেওয়া হয়।
লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনবাসীরা জানান, এই মায়া হরিণটি লাউয়াছড়া বনবিট এলাকায় ঘুরাফেরা করতো। এটি নিশাচর প্রাণি বলে বনের পাতা অঙ্কুর ঘাস ও ফল খেতে রাতের আঁধারে বের হয়েছিল। শুক্রবার ভোর রাতে কোন একটি ট্রেনের ইঞ্জিনের লাইটের আলো তার চোখে পড়লে হরিণটি তখন চোখে কিছু দেখতে না পেয়ে ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছে। দ্রুতগামী ট্রেনের চাকায় হরিণটির শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে যায়।
মৌলভীবাজারের বন্যপ্রাণি রেঞ্জের ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো: তবিবুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেলপথ অতিক্রমকালে এভাবে প্রায়ই লাউয়াছড়ায় বন্যপ্রানি ট্রেনে কাটা পড়ে মারা যায়। জাতীয় উদ্যানের ভেতর থেকে রেল ও সড়কপথ সুবিধাজনক স্থানে সরিয়ে নিতে প্রস্তাবনা সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তপক্ষের কাছে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, বন্যপ্রাণিদের বিচরণে যাতে কোন ক্ষতি না হয় এমন উদ্যোগ গ্রহনের জন্য সব সময় তারা ভাবছেন।
এসিএফ তবিবুর রহমান আরও বলেন, একজন ভ্যাটেনারী সার্জন দিয়ে মৃত মায়া হরিণের ময়না তদন্ত শেষে শনিবার সকাল নয়টায় জাতীয় উদ্যানের ভিতর জানকিছড়া এলাকায় মাটিচাপা দেওয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed