Main Menu

সিলেটে ১৪জন ব্যবসায়ীর বিরুদ্ধে রুমার মামলা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে শামীম ইকবালসহ ১৪ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছেন শাহজালাল উপশহরের নারী ব্যবসায়ী রুমা বেগম। গত মঙ্গলবার (১৪মার্চ) সিলেট মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট ১ম আদালতে তিনি এ মামলা দায়ের করেন।
মামলায় ব্যবসায়ী শামীম ইকবাল ছাড়াও যাদের আসামী করা হয়েছে, তারা হচ্ছেন জকিগঞ্জের ব্যবসায়ী কাওসার আহমদ, তেরতনের সাব্বির, সুমন, চঞ্চল ও মামুন, সাদারপাড়ার শাখরুল, সামাদ, সোহেল, ইয়াহিয়া ও আরজু, পশ্চিম তেররতনের মাজেদ, সোনারপাড়ার ওয়ালিদ ও কয়েছ।
আদালতের ম্যাজিষ্ট্রেট মামুনুর রহমান সিদ্দিকী মামলাটি এজাহার (এফআইআর) গন্যে তদন্ত করার জন্য এসএমপির শাহপরাণ (রহ.) থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলায় রুমা বেগমের অভিযোগ, শামীম ইকবাল ও তার সহযোগীরা নগরীর শাহজালাল উপশহরের ই-ব্লকের তার ‘ওয়ান-টু-হান্ড্রেড’ দোকানে গিয়ে বিনা পয়সায় মাল নিয়ে থাকে এবং টাকা চাইলে তাকে নানা ভয়-ভীতি প্রদর্শন করে । এক পর্যায়ে গত ১০ ও ১৫ ফেব্রয়ারি রুমা বেগমের দোকানে ও বাসায় গিয়ে শামীম ইকবাল ও তার সহযোগীরা ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় তারা তার ছেলেদের মারপিট করে এবং নানা হুমকি ধমকি দেয়। এ ঘটনায় রুমা বেগম শাহপরাণ থানায় অভিযোগ করলেও অজ্ঞাত কারণে পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। তাই তিনি বাধ্য হয়ে গত ১৪ মার্চ আদালতে এ মামলা (নং-সিআর-৭০/১৭) করেন।
এদিকে, রুমা বেগম দীর্ঘদিন ধরে সিলেট নগরীতে অবস্থান করে নানা পরিচয়ে ব্যবসা ও হামলা-মামলার কারণে বহুল আলোচিত হয়ে ওঠেন। সম্প্রতি সিলেট নগরীর উপশহর এলাকার ব্যবসায়ীরা সাংবাদিকদের কাছে তার বিরুদ্ধে জন-হয়রানী, সমাজবিরোধী কর্মকান্ড সহ নানা অভিযোগ তুলে ধরেন। এর জের ধরে এ মামলা করা হয়েছে বলে অভিযোগ করেন ব্যবসায়ী নেতারা। তারা অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারসহ প্রশাসনের কাছে তাদের ব্যবসা বানিজ্য হয়রানীমুক্ত করাসহ সার্বিক নিরাপত্তা দাবি করেন।
এসএমপির শাহপরাণ (র.) থানার অফিসার ইনচার্জ শাহজালাল মুন্সি আদালতে রুমার মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, কোর্টের আদেশ পৌছালে মামলাটি রেকর্ড (এফআইআর) ও তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Share





Related News

Comments are Closed