Main Menu

জগন্নাথপুরে শেষ দিনের প্রচারণা চালালেন তিন প্রার্থী

Manual5 Ad Code

জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা : জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে আর মাত্র একদিন বাকি। ৬ মার্চ সোমবার এ উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের শেষ মুহূর্তে প্রার্থী, সমর্থক ও আত্মীয় স্বজনের ভোট প্রার্থনায় ছড়িয়ে পড়ছে উত্তাপ নির্বাচনী মাঠে। প্রচারণার শেষ দিনে শনিবার প্রার্থীরা কাক ডাকা ভোর থেকে সারাদিন প্রচার, প্রচারণা, গণসংযোগ ও নির্বাচনী সভার মাধ্যমে পার করেছেন।
প্রবাসী অধ্যুষিত এ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন লড়ছেন।
শনিবার সকাল থেকে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সংগঠনের সভাপতি বর্তমান পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন তার নির্বাচনী নৌকার প্রতীকে ভোট চেয়ে পৌরসভার হবিবনগর, মাদ্রাসা পয়েন্ট, পৌর পয়েন্টে,বাসষ্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে বিকেলে পৌরশহরের জগন্নাথপুর মধ্য বাজারে নৌকার সমর্থনে শেষ নির্বাচনী সভায় বক্তৃতা করেন। প্রবীন রাজনীতিবিদ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি আলহাজ্ব মতিউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবীর ইমন, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হাজেরা বারী, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ব্যক্তিগত সচিব আবুল হাসনাত প্রমুখ।
অপরদিকে, স্বতন্ত্র প্রার্থী উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদির আহমদ মুক্তার আনারস প্রতীকে উপজেলার পাইলগাও, স্বাধীন বাজার, রানীগঞ্জ, পীরেরগাঁওসহ বিভিন্ন গ্রামে গণসংযোগ চালিয়ে ভোট প্রার্থনা। বিএনপির দলীয় মনোনিত প্রার্থী জেলা বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ধানের শীষ প্রতীকে গণসংযোগ করেছেন উপজেলার সৈয়দপুর, ইনাতনগর, লুদরপুর, টিয়ারগাও,গোঘগাও, ইছগাও, হবিবপুর গ্রামে।
প্রথমবারে মতো দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আর স্বতন্ত্র প্রার্থীর মুক্তাদীর আহমদের পক্ষে এলাকার তরুণ ও যুবসমাজের একটি বৃহৎ অংশ প্রচারনা চালিয়েছে।
আওয়ামীলীগ প্রার্থীদের পক্ষে নৌকার বিজয় সুনিশ্চিত করতে জগন্নাথপুরের প্রবীন রাজনীতিবিদ সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, কেন্দ্রীয় কৃষকলীগের নেতা শামিমা শাহরিয়ার, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমনসহ আওয়ামীলীগের নেতারা মাঠে প্রচারনা চালিয়েছেন।
অপরদিকে, বিএনপি মনোনীত প্রার্থীদের জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি এম এ মালেক খানসহ বিএনপি নেতারা কাজ করছেন।
এদিকে, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্নের লক্ষে প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৪শ ৯৯জন। পুুরুষ ভোটার ৮৩ হাজার ৬শ ৯২ ও মহিলা ভোটার ৮৩ হাজার ৮শ ৭জন। ৮৭টি কেন্দ্রে ৪শ ৩২টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ইতিমধ্যে বৃহস্পতিবার ও শুক্রবার ভোট গ্রহণ কাজে নিয়োজিত ৯০ জন প্রিসাইডিং ৪শ ৫৪ জন সহকারী প্রিসাইডিং এবং ৯শ ১১ জন পোলিং অফিসারের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
নির্বাচন সহকারী রিটার্ণিং অফিসার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ জানান, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্নের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ সম্পন্ন করা হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code