Main Menu

জগন্নাথপুরে রানীগঞ্জ সেতু’র নির্মাণ কাজ চলছে

বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট বিভাগের বৃহৎ রানীগঞ্জ সেতু’র কাজ গত ৩ মাস ধরে চলছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন ডিসেম্বর থেকে সেতু’র কাজ শুরু হয়েছে, ৩ মাসে সেতুর ১৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। বাকী কাজ নির্ধারিত মেয়াদ ২০১৮ সালের জুন মাসের মধ্যেই শেষ হবে।
পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউসকান্দি আঞ্চলিক মহাসড়কের ৩০ কিলোমিটারের মাথার এই সেতু’র কাজ শেষ হলে সুনামগঞ্জ জেলাবাসীর সঙ্গে রাজধানী ঢাকার দূরত্ব কমবে ৫২ কিলোমিটার। সুনামগঞ্জের যোগাযোগ ব্যবস্থারও অভূতপূর্ব উন্নয়ন হবে।
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজার ও পাইলগাঁও গ্রামের মধ্যবর্তী স্থানে কুশিয়ারা নদীর উপর ৭০২.৩২ মিটার দীর্ঘ সেতুর নির্মাণ কাজ এখন পুরোদমে চলছে।

১২৬ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ৭০২.৩২ মিটার দীর্ঘ ও ১০.২৫ মিটার প্রস্থের অত্যাধুনিক বক্স গার্ডার এ সেতুটি সড়ক ও জনপথ বিভাগ বাস্তবায়ন করছে। ১৫ টি স্প্যানের এই সেতুতে ১৪টি পিয়ার থাকবে। এপ্রোচ সড়কের দৈর্ঘ্য হবে আড়াই কিলোমিটার।

স্থানীয় লোকজন বলেছেন, দীর্ঘদিন ধরে কুশিয়ারায় সেতু নির্মাণের স্বপ্ন দেখছেন তারা। এখন নির্ধারিত সময় ২০১৮ সালের ৩০ জুনের মধ্যেই যেন এই সেতুর উপর দিয়ে গাড়ি চালিয়ে রাজধানী ঢাকায় যাতায়াত করা যায় সেই দাবী তাদের।

সুনামগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেছেন,‘রানীগঞ্জ সেতু’র ফাউন্ডেশনের নিচের ৬০ ভাগ পাইলিংয়ের কাজ ৩ মাসের মধ্যেই শেষ হয়েছে। বর্ষার আগে ৬০ ভাগ পিয়ার উপরে ওঠে যাবে। অ্যাপ্রোচ সড়কের জন্য জমি অধিগ্রহণের কাজ শেষের দিকে। সেতু’র কাজ ১৫ থেকে ২০ ভাগ হয়েছে। এভাবে কাজ হলে মেয়াদের মধ্যেই কাজ শেষ হবে।’ তিনি জানান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে ঠিকাদারী প্রতিষ্ঠান (সিআর ২৪ বি এসএম বিল্ডার্স জয়েন্ট বেঞ্চার) কে কাজে কোন ভাবেই গাফিলতি করা যাবে না বলে বার বারই বলা হচ্ছে।

Share





Related News

Comments are Closed