গ্যাসের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্ত স্থগিত করলো হাইকোর্ট
বৈশাখী নিউজ ডেস্ক : দ্বিতীয় দফায় গ্যাসের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্ত ছয়মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে আগামী ০১ জুন থেকে ৯০০ টাকা ও ৯৫০ টাকা মূল্য নির্ধারণ করে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত থাকবে।
তবে প্রথম দফায় বুধবার (০১ মার্চ) থেকে ৭৫০ টাকা ও ৮০০ টাকা মূল্য নির্ধারণের সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো বাধা থাকলো না।
গ্যাসের দাম বাড়ানোর বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) পক্ষে মুবাশ্বির হোসেন।
রিটের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ সাইফুল আলম।
রিট আবেদনে গ্যাসের দাম বাড়ানো সংক্রান্ত বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) জারি করা বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত চাওয়া হয়।
আইনজীবী সাইফুল আলম জানান, ‘বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন আইন-২০০৪’ অনুসারে বছরে একবারের বেশি গ্যাসের মূল্যবৃদ্ধির সুযোগ নেই। অথচ এ দফায় একবারেই দুই ধাপে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া গণশুনানির মাধ্যমে ৯০ দিন পর গ্যাসের মূল্য বৃদ্ধির কথা। ফলে এবারের মূল্যবৃদ্ধিতে আইনের সেসব বিধানের ব্যত্যয় ঘটেছে।
গত ২৩ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে বিইআরসি ভবনে সংবাদ সম্মেলন করে এ দাম বৃদ্ধির ঘোষণা দেন বিইআরসি’র চেয়ারম্যান মনোয়ার ইসলাম।
বিইআরসি’র ঘোষণা অনুসারে, ০১ মার্চ থেকে প্রতি চুলা গ্যাসের জন্য খরচ করতে হবে ৭৫০ টাকা। এটি ০১ জুন থেকে ফের বেড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত ছিল ৯০০ টাকায়। আর ০১ মার্চ থেকে দুই চুলা গ্যাসের জন্য খরচ যাবে ৮০০ টাকা, যা জুনে গিয়ে ফের বেড়ে হওয়ার কথা ছিল ৯৫০ টাকা।
অন্যদিকে ০১ মার্চ থেকে প্রতি ঘনমিটার সিএনজি গ্যাসের দাম হবে ৩৮ টাকা। এটি ০১ জুনে গিয়ে দাঁড়াবে ৪০ টাকা। মার্চ থেকে গ্যাসের বাণিজ্যিক ইউনিট প্রতি খরচ যাবে ১৪.২০ টাকা আর জুন থেকে এ ক্ষেত্রে খরচ করতে হবে ১৭.৪০ টাকা।
বর্তমানে এক চুলায় গ্যাসের দাম রাখা হচ্ছে ৬০০ টাকা, আর দুই চুলায় পড়ছে ৬৫০ টাকা।
Related News
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More



Comments are Closed