Main Menu

বিছনাকান্দিতে নিহত তিন পাথর শ্রমিকের পরিচয় মিলেছে

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি পাথর কোয়ারিতে মাটি চাপা পড়ে নিহত তিন শ্রমিকের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হচ্ছেন- সুনামগঞ্জ সদর উপজেলার গুলেরগাঁও গ্রামের নজির আলীর ছেলে জাকির হোসেন (২০) ও ওয়াতির আলীর ছেলে তুলা মিয়া (২৫) এবং নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার চানপুর গ্রামের পরিমল সরকার (২৬)। সিলেটের পুলিশ সুপার মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন জানান, সুনামগঞ্জ সদর থানা পুলিশের সহযোগিতায় দুটি লাশ আটক করে ওই থানায় রাখা হয়েছে। সুনামগঞ্জ সদর হাসপাতালে তাদের ময়না তদন্ত হবে। এছাড়া, অপর লাশটির বিষয়ে নেত্রকোনা খালিয়াজুড়ি থানাকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।
বৃহস্পতিবার দিবাগত রাতে বিছনাকান্দি পাথর কোয়ারি এলাকার কুলুম ছড়ার পাড়ে বাছিত মিয়ার মালিকানাধীন গর্তে পাথর উত্তোলনের সময় আকস্মিক ভাবে পাড় ধসে পড়ে। এ সময় মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন পাথর উত্তোলনের গর্তে কর্মরত তিন শ্রমিক। দূর্ঘটনা ধামাচাপা দিতে সংশ্লিষ্টরা রাতের আধাঁরেই শ্রমিকদের লাশ সরিয়ে ফেলেন।
সিলেটের পুলিশ সুপার মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, নিহত শ্রমিকদের লাশ গোপন করার সাথে জড়িতদের ও পাথর উত্তোলনের ওই গর্তের মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় তিনি নিহত অপর আরেক শ্রমিকের লাশ সন্ধ্যার মধ্যে উদ্ধার করার জন্য গোয়াইনঘাট থানার ওসিকে নির্দেশ দেন।

Share





Related News

Comments are Closed