Main Menu

রাগীব আলীর মামলার রায় ঘোষণা বিকেলে

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে শিল্পপতি রাগীব আলীর বিরুদ্ধে তারাপুর চা বাগান লিজের ক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির বিষয়ে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার বিকেলে। সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান হিরোর রায়ের এ তারিখ ধার্য্য করেন। এর আগে বুধবার (১ ফেব্রুয়ারি) আসামী পক্ষের ‘নো কনফিডেন্স’-এর প্রেক্ষিতে আদালতে কেবল রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যুক্তি তর্কে অংশ নেন।
রায়কে ঘিরে সিলেটের আদালতে উপচেপড়া মানুষের ভিড়। সকাল থেকেই মানুষজন আদালত অঙ্গনে ভিড় জমিয়েছেন।
রায়কে কেন্দ্র করে আদালত অঙ্গন ও এর চারপাশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল ১১টা ৩ মিনিটে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নীল রঙের একটি প্রিজন ভ্যানে করে আদালতে আনা হয় রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইকে।
রায় বিকেল ৩টায় দেওয়া হবে বলে জানিয়েছেন এ আদালতের এপিপি শামসুল ইসলাম।
এপিপি’র কার্যালয় সূত্র জানায়, মাত্র ৪০ কার্য দিবসের মধ্যে মামলাটির রায় ঘোষণা হচ্ছে। মামলার মোট ১৪ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এ ছাড়া, আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে রাগীব আলীর পক্ষে তাঁর মালিকানাধীন মালনীছড়া চা-বাগানের দুজন ব্যবস্থাপক আদালতে সাফাই সাক্ষ দিয়েছেন।
২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এস এম আবদুল কাদের বাদী হয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি ও সরকারের এক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুটো মামলা করলে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে নিষ্পত্তি করে পুলিশ। গত বছরের ১৯ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ একটি বেঞ্চ রায়ে মামলা দুটো পুনরুজ্জীবিত করে বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশ দেন। ১০ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল হলে ১২ আগষ্ট আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির মধ্য দিয়ে বিচারপ্রক্রিয়া শুরু হয়।
ওই দিনই দেশ ত্যাগ করেন রাগীব আলী ও তাঁর ছেলে। ২৩ নভেম্বর ভারতের করিমগঞ্জ ইমিগ্রেশন পুুলিশের হাতে রাগীব আলী এবং এর আগে ১২ নভেম্বর ভারত থেকে জকিগঞ্জ এসে আবদুল হাই গ্রেপ্তার হন। তাঁরা দুজনই বর্তমানে কারাবন্দী। বুধবার যুক্তিতর্ক চলাকালে শিল্পপতি রাগীব আলী ও তাঁর একমাত্র ছেলে আবদুল হাই আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed