Main Menu

আশুলিয়া ও কুমিল্লায় বাস দূর্ঘটনায় নিহত ৫

বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আশুলিয়ার মরাগাঙ এলাকায় আবদুল্লাহপুর-বাইপাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত একজনের নাম পাওয়া গেছে। তিনি হলেন, মরিয়ম বেগম, বাড়ি কুমিল্লায়। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা আনন্দ সুপার পরিবহনের সঙ্গে ঢাকাগামী ঈগল পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত অন্তত ২০ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে তীব্র যানজট দেখা দিয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।

এদিকে কুমিল্লার চান্দিনায় গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা লেগে চালকসহ দুজন নিহত হয়েছেন। বুধবার রাত পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। তারা কুমিল্লা ও চান্দিনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলামের জানান, উপজেলার পালকি সিনেমা হলের সামনে ঢাকা থেকে চাঁদপুরগামী পদ্মা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলে ওই বাসের চালক ও আরও এক যাত্রী নিহত হন।

Share





Related News

Comments are Closed