Main Menu

শাবিতে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় মামলা

শাবি প্রতিনিধি: আন্তঃবিভাগ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। বুধবার সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানায় এ মামলা দায়ের করা হয়। মামলায় ছাত্রলীগের বিবদমান দুটি গ্রুপের ১৪ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৮/১০ জনকে আসামী করা হয়েছে।
মামলার আসামীরা হলেন- এম.বি.এ প্রথম সেমিস্টারের মৃন্ময় দাস ঝোটন (যুগ্ম সাধারণ সম্পাদক), সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টারের মো. জাকির খান (ক্রীড়া সম্পাদক), একই বিভাগ ও বর্ষের অসীম বিশ্বাস (স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক), ব্যবসায় প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টারের আবুল হাসান মোল্লা, একই বিভাগের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের রনি তালুকদার, রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের মেহদি হাসান স্বাধীন, লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মোস্তাক মিয়া (দপ্তর সম্পাদক) প্রমুখ।
জালালাবাদ থানার ওসি আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্রিকেট খেলায় মারামারির ঘটনার ছবিসহ আইপিই বিভাগের এক শিক্ষার্থী বাদী হয়ে মামলা করেছেন। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বাদী বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
প্রসঙ্গত, ৩১ জানুয়ারি মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ব্যবসায় প্রশাসন ও ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের মধ্যকার ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থ ও সহ-সভাপতি অঞ্জন রায় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে অন্তত ৮জন ছাত্রলীগ নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থী আহত হন।

Share





Related News

Comments are Closed