Main Menu

সরস্বতী পূজা আজ

বৈশাখী নিউজ ডেস্ক: আজ বুধবার সরস্বতী পূজা। সরস্বতী বিদ্যা ও জ্ঞানের দেবী। তিনি বাগদেবী নামেও পরিচিতা। বাক্ হলো কথা বলার শক্তি। কথা বলার এ শক্তির অধিষ্ঠাত্রী দেবীই বাগ্দেবী। জ্যোতি রূপে তিনি দেবী, দ্রব্যময়ী রূপে তিনি দেবী। শ্বেতশুভ্রা সরস্বতী এই জ্ঞান-বিজ্ঞানের প্রেরণাদায়ী।
বিদ্যার কোন রূপ নেই। এতে রূপদান করেছেন বৈদিক ঋষিরা দেবী সরস্বতীর মাধ্যমে। সরস্বতী পূজার অর্থ হলো বিদ্যার পূজা। সরস্বতীর বাহন শ্বেত রাজহংস।
সনাতন ধর্মে দেবী সরস্বতী বিদ্যা ও জ্ঞানের দেবী হিসেবে পূজিত হন। প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। সরস্বতী যেহেতু বিদ্যার দেবী তাই দেবীর পূজা বিশেষ করে শিক্ষার্থীরা আয়োজন করেন। সরস্বতী পূজা বিভিন্ন স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, ছাত্রাবাসসহ পাড়া-মহল্লায় বাসা-বাড়িতে আয়োজন হয়। এই পূজা সার্বজনীন ও পারিবারিকভাবেও হয়ে থাকে। ধর্মীয় উপাসনালয় ছাড়াও অনেক স্থানে অস্থায়ী মন্দির নির্মাণ করেও পূজার আয়োজন করা হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে, মন্দিরে ,পারিবারিকভাবে ও সংগঠন বা ক্লাবের উদ্যোগে, এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে পৃথক পৃথকভাবে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে।
সকালে দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হবে। দেবীকে পুষ্প, বেলপত্র, ফল-মূল, মিষ্টি দ্রব্যসহ নানা উপচারে পূজা করা হবে। পূজা শেষে দেবীর রাঙা চরণে অঞ্জলি প্রদান করা হবে। পরে পূজারীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। ইতোমধ্যে পূজা মন্ডপগুলো রকমারী আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার নগরীতে প্রতিমা শোভাযাত্রা বের করা হবে।

Share





Related News

Comments are Closed