Main Menu

ছাতকে রেস্তোরাঁ কর্মচারীদের মারধরে ফল বিক্রেতার মৃত্যু

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে একটি রেস্তোরাঁর কর্মচারীদের মারধরে এক ফল বিক্রেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল নয়টায় উপজেলার গোবিন্দগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
নিহত মঞ্জিল মিয়ার (৩৫) বাড়ি উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের দিগলী চাকলপাড়া গ্রামে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছাতকের গোবিন্দগঞ্জ বাজার পয়েন্টে মঞ্জিল মিয়ার একটি ভ্রাম্যমাণ ফলের দোকান আছে। বৃহস্পতিবার সকালে তিনি বাজারের নিজাম রেস্তোরাঁয় নাশতা খেতে যান। এ সময় নাশতা দিতে দেরি হওয়ায় মঞ্জিল মিয়ার সঙ্গে রেস্তোরাঁর এক কর্মচারীর কথা-কাটাকাটি হয়। এর জের ধরে রেস্তোরাঁর কর্মচারীরা মিলে তাঁকে বেধড়ক মারধর করেন। পরে আহত অবস্থায় তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বেলা সাড়ে ১১টায় তিনি মারা যান।
ছাতক থানার উপরিদর্শক (এসআই) নুর আহমদ বলেন, এ ঘটনায় দেলোয়ার হোসেন (২২) নামের একজনকে আটক করা হয়েছে। অন্যরা পালিয়ে গেছেন। থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed