Main Menu

কোম্পানীগঞ্জে আওয়ামী-বিএনপি’র যৌথ হামলা : আহত ১০

বিশেষ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জে নিরীহদের বাড়িঘরে যৌথ হামলা চালিয়েছে আওয়ামী-বিএনপি’র দখলবাজরা। হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনায় তিনটি পরিবারে নারী-পুরুষসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। নিখোজ রয়েছে চার বছরের এক কন্যা শিশু। বুধবার (১৮জানুয়ারী) সকালে উপজেলার টুকেরগাঁওয়ের আব্দুল জলিলদের বাড়িতে এ হামলা চালানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং দখলবাজ সন্ত্রাসীদের তাড়িয়ে দেয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী ও উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন-এর নেতৃত্বে একটি ভূমিদস্যু চক্র উপজেলার টুকেরগাঁওয়ের আব্দুল জলিলদের কয়েকটি বাড়ি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছিল। বুধবার সকালে আওয়ামী লীগ নেতা ইয়াকুব আলী ও বিএনপি নেতা মনির হোসেনের নেতৃত্বে ৫০/৬০জনের একদল সশস্ত্র সন্ত্রাসী আব্দুল জলিলদের বাড়িতে গিয়ে আকস্মিক হামলা চালায়। হামলাকারীরা এসময় তিনটি ঘরের প্রায় ২ লাখ টাকার মালমাল লুট করে এবং দরজা জানালা ও আসবাবপত্র ভাংচুর করে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধন করে। সন্ত্রাসীদের হামলায় ওই তিন পরিবারের আবাল বৃদ্ধ বনিতা এবং নারীপুরুষসহ ১০জন আহত হয়েছেন এবং বুশরা নামের চার বছরের এক শিশুকন্যা নিখোজ হয়েছে। আহতদের মধ্যে চারজনকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন আব্দুল আজিজ (৬৫), জুলেখা বেগম (৫৫), হালিমা বেগম (৩৫) ও রুবি আকতার (২২)। আহত অপর ৫জনকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন কবির আহমদ(২৬), আব্দুল জলিল (৩৫), নূর মোহাম্মদ(৩০), হাজেরা বেগম ( ২৭) ও আউলিয়া বেগম (৬০)। হামলাকারীরা এ সময় আব্দুল জলিলদের বাড়ির আঙ্গিনায় একটি কাচাঘর নির্মান করার চেষ্টা চালায়।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানাপুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং দখলবাজদের নেয়া নির্মান সামগ্রী সরিয়ে ফেলে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং যেকোন সময় বড়ধরনের দাঙ্গা ও খুন খারাবির আশংকা রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
ঘটনার ব্যাপারে জানতে কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েছ আলম হামলা ও ভাংচুরের সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপেরে অভিযোগ পাওয়া গেছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share





Related News

Comments are Closed