Main Menu

কানাইঘাটে জাল নোট তৈরীর সরঞ্জামসহ ২জন আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাট থেকে জাল নোট তৈরীর সরঞ্জামসহ দুজনকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে-উপজেলার শিবনগর গ্রামের মৃত ওসমান আলীর ছেলে এমদাদ উল্লাহ (৫১) এবং একই উপজেলার ঢালাইচর নয়ামাটি গ্রামের রঞ্জন মালাকারের স্ত্রী গীতা রানী মালাকার (৪৭)। এ সময় তাদের কাছ থেকে জালনোট তৈরীর কালো রংয়ের ডাইস (ছাঁচ) দুই টি, বাজারে প্রচলিত এক হাজার টাকার নোটের প্রায় সমান আকৃতির ১৫৩ পিস কালো রংয়ের কাগজ, জাল টাকা ফিনিশিংয়ের কাজে ব্যবহৃত একটি কাঠের হাতল যুক্ত ব্রাশ, জাল নোট তৈরীর কাজে ব্যবহৃত ১৪টি বিভিন্ন সাইজের প্লাস্টিকের ছোট মেডিসিন রাখার ড্রপ ভর্তি তরল পদার্থ এবং একটি কাঁচি উদ্ধার করা হয়।
শুক্রবার র‌্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবা রাত সাড়ে ৯টার দিকে সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে এএসপি সুজন চন্দ্র সরকার এর নেতৃত্বে ও এএসপি বেল্লাল হোসেন মল্লিক সহ সিলেট জেলার কানাইঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ডালাইচর নয়ামাটি গ্রামের রঞ্জন মালাকার এর বসত ঘরে জাল নোট তৈরীর সরঞ্জামসহ তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Share





Related News

Comments are Closed