Main Menu

ওসমানীনগরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে আব্দুস সালাম জিবু (২৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জিবু উপজেলার তাজপুর ইউপির খাশিকাপন গ্রামের মৃত ক্বারী মাহমুদ আলীর ছেলে। তিনি আগে সাংবাদিকতা পেশার সাথে জড়িত ছিলেন। সোমবার (২ জানুয়ারী) সকাল ৯টার দিকে জিবুর বসত ঘরের ড্রইং রুমের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে।
পুলিশ ও জিবুর পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতে জিবু পরিবারের অন্যান্য সদস্যদের সাথে রাতের খাবার খেয়ে ড্রইং রুমে কম্পিউটারে কাজ করতে বসেন। এ সময় পরিবারের অন্যান্যরা শুয়ে পরেন। সকালে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে ড্রইং রুমের ফ্যানের সাথে জিবুর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
জিবুর বড় ভাই তাজপুর ডিগ্রি কলেজের সাবেক জিএস আব্দুল কুদ্দুস বলেন, প্রতিদিনের ন্যায় রোবাবার রাতে সবার সাথে রাতের খাবার খেয়ে ড্রইং রুমে কম্পিউটারে কাজ করতে বসেছিল জিবু। আর আমরাও ঘুমিয়ে পড়ি। সকালে ড্রইং রুমের ফ্যানের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পাই। কিন্তু কি কারণে সে এমন কাজ করল আমরা জানি না।
ওসমানীনগর থানার এসআই রতন দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিবুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর কারণ জানা যায়নি।

Share





Related News

Comments are Closed