Main Menu

সাতক্ষীরায় সাংবাদিক পিটালেন ইউপি চেয়ারম্যান

Manual1 Ad Code

সাতক্ষীরা প্রতিনিধি: অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক পিটালেন ইউপি চেয়ারম্যান মোশাররফসহ সাঙ্গপাঙ্গরা। রোববার রাত সাড়ে ৯টার দিকে বাঁশদহ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিকের নাম জুলফিকার আলী। তিনি বাঁশদহা এলাকার রাহাতুল­াহ সরদারের ছেলে ও সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার বাঁশদহ প্রতিনিধি।
আহত সাংবাদিকের পিতা রাহাতুল­াহ জানান, গত কয়েক মাস পূর্বে বাঁশদহ এলাকায় ১০ টাকা কেজি দরের চাউল বিতরণে ব্যাপক অনিয়ম করেন ইউপি চেয়ারম্যান মোশাররফ। এঘটনায় সাংবাদিক জুলফিকার আলী একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করেন। এঘটনায় ক্ষুদ্ধ হন ইউপি চেয়ারম্যান মোশরাফ ও তার লোকজন।
এদিকে রোববার সন্ধ্যায় ইউপি চেয়ারম্যানের ভাই মেম্বার শহিদুল গোপনে কম্বল বিতরণ করছিলেন। এসময় ওই সাংবাদিক শহিদুলের কাছে ফোন দিয়ে রাতে কম্বল বিতরণের বিষয়ে জানতে চান। তখন ইউপি চেয়ারম্যান তার ভাইয়ের কাছ থেকে ফোন কেড়ে নিয়ে সাংবাদিক জুলফিকার কে অকথ্য ভাষায় গালিগালাজ করে সে কোথায় আছে জানতে চান এবং এখনি তার ব্যবস্থা করা হবে বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর রাত সাড়ে ৯টার দিকে ইউপি চেয়ারম্যান মোশাররফ, তার ভাই মেম্বার শহীদুল, উজির আলির ছেলে মিঠু, শফির ছেলে শহিদ, আরিজুলের ছেলে তারিকুজ্জামানসহ ৮/১০ জন সন্ত্রাসী বাহিনী লোহার রড, লাঠিসোটা নিয়ে কয়েকটি মটরসাইকেল যোগে সাংবাদিক জুলফিকার কে খুজতে থাকে। একপর্যায়ে জুলফিকার কে বাড়ির সামনে পেয়ে আকস্মিক মারপিট শুরু করে। এসময় তার হাতের নখ তুলে নেয় তারা। সাংবাদিক জুলফিকারের আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ইউপি চেয়ারম্যান ও তার বাহিনী পালিয়ে যান। বর্তমানে সাংবাদিক জুলফিকার আলী সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এব্যাপারে ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, আমি কোন সাংবাদিককে মারপিট করিনি। সাংবাদিক জুলফিকার আমার চাচাতো ভাই। তার সাথে আমাদের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। যে কারণে সন্ধ্যার দিকে বাড়ির লোকজন ছোটখাটো ঝামেলা করেছে মাত্র।
অপরদিকে আহত সাংবাদিক জুলফিকার আলী বলেন, ইউপি চেয়ারম্যান আমার কোন আত্নীয় নন। বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে ইউপি চেয়ারম্যান এ অপপ্রচার চালাচ্ছেন।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সাংবাদিক জুলফিকারের পিতা রাহাতুল­াহ সরদার।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code