Main Menu

কমলগঞ্জে ১০ ছাত্রলীগ সদস্য বহিষ্কার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য অধ্যাপক রফিকুর রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে কলেজ শাখা ছাত্রলীগ যুগ্ম সম্পাদকসহ ১০ জন ছাত্রলীগ সদস্যকে বহিষ্কার করা হয়। গত বুধবার (৭ ডিসেম্বর) রাতে কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের এক জরুরী সভায় সিদ্ধান্তক্রমে ১০ ছাত্রলীগ সদস্যকে বহিষ্কার করা হয়।
গত ৪ ডিসেম্বর সন্ধ্যা রাতে কমলগঞ্জের শমশেরনগরে ইউনিয়ন যুবলীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের শেষ দিকে তুচ্ছ একটি ঘটনা কেন্দ্রে করে ছাত্রলীগের একটি অংশ সমাবেশ স্থলে অশালীন উক্তিসহ বিক্ষোভ মিছিল করার অভিযোগ রয়েছে।
কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহেদুল আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমানকে গত ৪ ডিসেম্বর শমশেরনগরে সিলেটের সাবেক সিটি মেয়র ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য বদরউদ্দীন কামরানকে প্রধান অতিথি করে সংবর্ধনা প্রদান করে। সংবর্ধনা অনুষ্ঠানের শেষ দিকে উপজেলা ছাত্রলীগ সভাপতি সানোয়ার হোসেন ও শমশেরনগর ইউনিয়ন যুবলীগের আহবায়ক তারিকুজ্জামান ও যুগ্ম আহবায়ক গোপাল বর্মা মনিকে উদ্দেশ্য করে স্থানীয় ছাত্রলীগের কতিপয় সদস্য অশালীন উক্তিসহ বিক্ষোভ মিছিল করে। এসময় মঞ্চে প্রধান অতিথি, সংবর্ধিত অতিথিসহ অন্যান্য অতিথিরা ছিলেন। ঘটনাটি শান্তিপূর্ণ সুন্দর একটি সংবর্ধনা অনুষ্ঠানকে ব্যাহত করেছে।
দলীয় শৃঙ্খলা ভেঙ্গে একটি সংবর্ধনা অনুষ্ঠান ব্যাহত করার অভিযোগে নিজেদের মাঝে তদন্তক্রমে কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগ বুধবার রাত আটটায় কমলগঞ্জ উপজেলা সদরের ভানুগাছ বাজারের আওয়ামীলীগের কার্যালয়ে জরুরী সভা করে। এই জরুরী সভার সিদ্ধান্ত অনুযায়ী ঘটনার জন্য দায়ী হিসাবে শমশেরনগরের সুজা মেমোরিয়াল কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক পাভেল আহমদসহ ছাত্রলীগের ১০ সদস্যকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত বাকী সদস্যরা হলেন মুহিবুল ইসলাম, মোস্তাকিম আহমদ, মুজিবুর রহমান শাকিব, শেখ মাজহারুর ইসলাম, জুনেদ আহমদ চৌধুরী, মিসতা আহমদ রাহী, রাসেল আহমদ, ইমন আহমদ ও ফয়ছল আহমদ।
বহিষ্কৃত মুহিবুল ইসলাম বলেন, কোন প্রকার কারণ দর্শানোর নোটিশ প্রদান ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে উদ্দেশ্যমূলক একটি এলাকার ছাত্রলীগের ১০জনকে বহিষ্কার করা হয়েছে। যা গঠনতন্ত্র বিরোধী। ঘটনার দিন বিক্ষোভ প্রদর্শনে কমলগঞ্জ উপজেলা সদরের আরও অনেকে যুক্ত ছিল। তাদের বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।
কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহেদুল আলম শৃঙ্খলা ভঙ্গের দায়ে শমশেরনগর ইউনিয়ন ছাত্রলীগের ১০ সদস্যকে বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে বলেন, সাংগঠনিক প্রক্রিয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

Share





Related News

Comments are Closed