Main Menu

সুনামগঞ্জে স্কুলছাত্রীর বাবার হাত ভেঙে দেয়ার ঘটনায় বখাটে গ্রেফতার

হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ থেকে: যৌন হয়রানির প্রতিবাদ করায় পিটিয়ে স্কুলছাত্রীর বাবার হাত ভেঙে দেয়ার ঘটনায় বৃহস্পতিবার সুনামগঞ্জের জামালগঞ্জে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রাসেল আহমদ (২০) উপজেলার ভীমখালি ইউনিয়নের চান্দেরনগর গ্রামের আজাদ মিয়ার ছেলে।
জানা গেছে, উপজেলার চান্দেরনগর গ্রামে সোমবার বখাটেদের হামলায় স্কুলছাত্রীর বাবাসহ চারজন আহত হয়। এ ঘটনায় ওই রাতে বখাটে ও তার সহযোগীসহ ১১ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়। জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর এক মেধাবী ছাত্রীকে প্রতিদিনই বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে যৌন হয়রানি করে আসছিল একই গ্রামের বখাটে রাসেল আহমদ ও তার সহযোগীরা। ওই ছাত্রী পরিবারের লোকজনকে বিষয়টি জানালে সোমবার বিকালে বখাটেরা আরও বেশি ক্ষিপ্ত হয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে এলে তাদেরও মারধর করে বখাটেরা। তাদের যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ করলে মারধর করে স্কুলছাত্রীর বাবা জিয়া রশিদের একটি হাত ভেঙে ফেলে বখাটেরা।
জামালগঞ্জ থানার ওসি আতিকুর রহমান এ প্রতিবেদককে বলেন, যৌন হয়রানী ও হামলার ঘটনায় বৃহস্পতিবার থানায় ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Share





Related News

Comments are Closed